[email protected] রবিবার, ৫ই জুলাই ২০২৬
২১শে আষাঢ় ১৪৩৩

কেপ ভার্দে বনাম মেসি, লড়াইয়ের আগে জানুন অবিশ্বাস্য সব পরিসংখ্যান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬ ০৭:০৭ এএম

একদিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি, অন্যদিকে মাত্র ৪ লাখ ৯১ হাজার জনসংখ্যার ছোট্ট আফ্রিকান দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে শনিবার (৪ জুলাই) ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা।

বর্তমান বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণের সুযোগই কেপ ভার্দের মতো দলের জন্য ইতিহাস গড়ার মঞ্চ তৈরি করেছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসিকে থামানোর দায়িত্ব থাকবে কেপ ভার্দের রক্ষণভাগের ওপর; যেখানে থাকবেন পিনা, পিকো লোপেস, বোর্হেস ও লোপেস কাবরালের মতো ফুটবলাররা।

দুই পক্ষের পার্থক্য শুধু মাঠেই নয়, পরিসংখ্যানেও চোখে পড়ার মতো। কেপ ভার্দে দলের মোট বাজারমূল্য প্রায় ৫ কোটি ৪৫ লাখ ইউরো। অন্যদিকে, মেসির বার্ষিক বেতনই প্রায় ৭ কোটি ইউরো। এর বাইরে বিজ্ঞাপন ও বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে তিনি বছরে আরও প্রায় ৪ কোটি ইউরো আয় করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যবধান বিশাল। ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা প্রায় ৫০ কোটি, যেখানে কেপ ভার্দের সরকারি অ্যাকাউন্টের অনুসারী মাত্র ৬০ হাজারের মতো। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার অনুসারী ৫০ হাজার থেকে বেড়ে প্রায় ১ কোটি ৭০ লাখে পৌঁছায়। তবুও মেসির অনুসারীর সংখ্যার তুলনায় সেটি অনেক কম।

আর্জেন্টিনার জার্সিতে মেসি এখন পর্যন্ত খেলেছেন ২০২টি ম্যাচ। অন্যদিকে, ১৯৭৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার পর থেকে কেপ ভার্দে জাতীয় দলের মোট ম্যাচসংখ্যা ২৪৪; অর্থাৎ মেসির আন্তর্জাতিক ম্যাচের চেয়ে মাত্র ৪২টি বেশি।

বিশ্বকাপ অভিজ্ঞতার দিক থেকেও ব্যবধান স্পষ্ট। এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ, যেখানে তিনি একবার শিরোপাও জিতেছেন। অন্যদিকে, কেপ ভার্দে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলছে। এমনকি দলটি এখন পর্যন্ত আফ্রিকা কাপ অব নেশনসেও অংশ নিয়েছে মাত্র চারবার, যা মেসির বিশ্বকাপ অংশগ্রহণের সংখ্যার চেয়েও কম।

ফিফা র‌্যাঙ্কিংয়েও দুই দলের অবস্থানে বড় পার্থক্য রয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে দ্বিতীয় স্থানে, আর কেপ ভার্দের অবস্থান ৬৭তম।

আর্জেন্টিনা বিশ্বকাপে খেলছে ১৯তম আসরে। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে। অন্যদিকে, কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নেমেই শেষ ষোলোতে জায়গা করে ইতিহাস গড়েছে।

কাগজে-কলমে শক্তির বিচারে এই লড়াই একপেশে মনে হলেও বিশ্বকাপের সবচেয়ে বড় সৌন্দর্যই হলো অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তাকে সঙ্গী করেই ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকা লিওনেল মেসির বিপক্ষে নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে কেপ ভার্দে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর