[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়ান ইয়ুথ প্যারা গেমস

স্বর্ণ জিতে চৈতির ইতিহাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

দুবাইয়ে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের চৈতী রানী দেব।

 শুক্রবার এফ-৪০ জ্যাভলিন থ্রো ইভেন্টে তিনি ৯.৪৫ মিটার দূরত্বে ছুড়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন তিনি। দেশের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) ইতিহাসে এটা সেরা সাফল্য।

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে চৈতি রাণী দেবের বিজয় বাংলাদেশের প্যারালিম্পিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করেন এনপিসির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন। দুবাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া বিকাশে নতুন উদ্দীপনা সঞ্চার করবে এবং দেশের প্যারা অ্যাথলেটদের অসামান্য সক্ষমতাকে জাতির সামনে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে চৈতীর এই স্বর্ণপদক জয়।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রান্তিক সম্প্রদায় থেকে উঠে আসেন প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রাণী দেব। দৃঢ় মনোবল, অধ্যবসায় ও অনন্য ক্রীড়া দক্ষতার উৎকৃষ্ট প্রমাণ তিনি। সীমিত সুযোগ-সুবিধার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক মঞ্চে উত্তরণ, চৈতির এই যাত্রা অনুপ্রেরণাদায়ী ও রূপান্তরমূলক।

তাঁর সাফল্য সহস্রাধিক শারীরিক প্রতিবন্ধী তরুণ ক্রীড়াবিদের জন্য শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, প্রমাণ করবে যে সঠিক সহায়তা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব। এনপিসি বাংলাদেশ জাতীয় যুব প্যারা গেমস চলাকালে কঠোর প্রতিভা অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে চৈতির সম্ভাবনা শনাক্ত করে।

জাতীয় দলে নির্বাচিত হওয়ার পর তিনি এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেন। যেখানে অভিজ্ঞ কোচ ও প্রশিক্ষকরা তাঁর দক্ষতা শানিত করা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী প্রস্তুতি নিশ্চিত করতে নিবিড়ভাবে সহায়তা করেন। এই পরিকল্পিত ও কাঠামোবদ্ধ প্রস্তুতি চৈতির প্রাকৃতিক প্রতিভাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর