দেশমকে আবেগঘন বিদায়বার্তা এমবাপ্পের, ‘আপনার প্রাপ্য বিদায়টা দিতে পারিনি’
১৪ বছরের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হলো দিদিয়ের দেশমের। তবে বিদায়টা রাঙানো হলো না। ২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ স্থান নিয়েই টুর্নামেন্ট শেষ করেছে ফ্রান্স। আর এমন বিদায়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় দেশমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এমবাপ্পে লিখেছেন, "আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে। আপনি আমাদের এত কিছু দিয়েছেন। কিন্তু আপনার প্রাপ্য বিদায়টা আমরা দিতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।"
২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেন দেশম। তার অধীনেই ২০১৮ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে 'লে ব্লু'। ২০২২ সালে দলকে আবারও ফাইনালে তুলেছিলেন তিনি, যদিও টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হারতে হয়। আর ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় তার কোচিং অধ্যায়।
দেশমের অবদানের কথা স্মরণ করে এমবাপ্পে বলেন, "১৪ বছরে আপনি এই দলকে যা দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। ফরাসি ফুটবলের পুনর্জাগরণে আপনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন। অনেকেই হয়তো আপনার মহত্ত্বের যথাযথ মূল্যায়ন করেননি। তবে সময় এবং ইতিহাস অবশ্যই সেটির বিচার করবে।"
ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে (৬৪ গোল) আরও বলেন, জাতীয় দলের হয়ে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজেকে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য তিনি দেশমের কাছে চিরকৃতজ্ঞ।
তার ভাষায়, "আমাদের দেশের অন্যতম সেরা কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আমরা একসঙ্গে যে স্মৃতি ও সাফল্য ভাগ করে নিয়েছি, সেগুলোই আজীবন মনে রাখব। আপনার নতুন যাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা।"
দেশম ফরাসি ফুটবলের ইতিহাসে অনন্য এক নাম। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। পরে কোচ হিসেবেও ২০১৮ সালে দেশকে আবার বিশ্বচ্যাম্পিয়ন করেন। খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়া এই কিংবদন্তি দীর্ঘ ১৪ বছরের দায়িত্ব শেষে বিদায় নিলেন জাতীয় দল থেকে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: