[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

অলিখিত ফাইনালের আগে বড় ধাক্কা, ছিটকে গেলেন নাহিদ রানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ০৭:০৭ এএম

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের দুর্ভাগ্য যেন কাটছেই না। মাঠের পারফরম্যান্সের হতাশার পাশাপাশি একের পর এক চোটে বিপর্যস্ত হচ্ছে টাইগার শিবির। লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের পর এবার ইনজুরির তালিকায় যুক্ত হলেন তরুণ গতিতারকা নাহিদ রানা।

বাঁ পাশের পাঁজরের নিচে চোট পাওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি। ফলে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ।

বুলাওয়েতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল করার সময় হঠাৎ অস্বস্তি অনুভব করেন নাহিদ। পরে ব্যথা বেড়ে যাওয়ায় তিনি আর বোলিং চালিয়ে যেতে পারেননি। নিজের নির্ধারিত চার ওভারের কোটা শেষ করার আগেই মাত্র ২.৩ ওভার বল করে মাঠ ছাড়তে হয় তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, নাহিদের চোটের ধরন বিবেচনায় সফরের শেষ ম্যাচে তাকে খেলানোর কোনো ঝুঁকি নেওয়া হবে না। শনিবার তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্থানীয় হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। তবে স্ক্যানের ফল যাই হোক না কেন, শেষ টি-টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা নেই বলেই নিশ্চিত করেছে সূত্রটি।

ম্যাচ শেষে ভিডিও বার্তায় জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, "নাহিদ রানা আজকের (গতকাল) ম্যাচে বাঁ পাশের সাইড স্ট্রেইনের কথা জানিয়েছে। এরপর আমরা তাকে আর বল করতে দিইনি। আগামীকাল পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আমার কাছে মনে হচ্ছে ওর সাইড স্ট্রেইন হয়েছে। কাল সকালে সিদ্ধান্ত নেব স্ক্যান করানো হবে কি না। মাঠে ফিরতে কতদিন লাগবে, সেটিও পরে জানানো হবে।"

জিম্বাবুয়ে সফরে চোটের কারণে আগেই কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। এছাড়া পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও ইনজুরিতে ছিটকে গেছেন। সেই তালিকায় নাহিদ রানার নাম যুক্ত হওয়ায় বাংলাদেশের পেস আক্রমণ আরও দুর্বল হয়ে পড়ল।

সিরিজ এখন সমতায় থাকায় শেষ টি-টোয়েন্টিই কার্যত অলিখিত ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম গতিময় বোলারকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর