[email protected] রবিবার, ১৯শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

পেলের ৫৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বকাপে নতুন ইতিহাস ওলিসের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ০৭:০৭ এএম

ফ্রান্সের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়েছে শিরোপা ছাড়াই। তবে ব্যক্তিগত কৃতিত্বে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মাইকেল ওলিসে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুটি অ্যাসিস্ট করে ২০২৬ ফিফা বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন এই ফরাসি মিডফিল্ডার।

রোববার (১৯ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে যায় ফ্রান্স। তবে কিলিয়ান এমবাপ্পের দুটি গোলেই অ্যাসিস্ট করেন ২৪ বছর বয়সী ওলিসে। এর ফলে চলতি বিশ্বকাপে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৭।

এর মধ্য দিয়ে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলের গড়া ৬ অ্যাসিস্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন ওলিসে। টানা ৫৬ বছর ধরে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটি পেলের দখলেই ছিল।

পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত সৃজনশীল ফুটবল খেলেছেন ওলিসে। সেনেগালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে একটি অ্যাসিস্ট দিয়ে যাত্রা শুরু করেন তিনি। এরপর ইরাকের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করেন। শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে আরও দুটি অ্যাসিস্ট যোগ করে নিজের সংখ্যা পাঁচে নিয়ে যান। আর ইংল্যান্ডের বিপক্ষে এমবাপ্পের দুই গোল তৈরি করে পৌঁছে যান রেকর্ড গড়া ৭ অ্যাসিস্টে।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় এখন সবার ওপরে ওলিসে। তার ঠিক নিচেই রয়েছেন পেলে। এরপর যৌথভাবে পাঁচ অ্যাসিস্ট নিয়ে আছেন পোল্যান্ডের রবার্ট গাদোখা (১৯৭৪), পশ্চিম জার্মানির পিয়েরে লিটবারস্কি (১৯৮২), আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা (১৯৮৬) এবং জার্মানির টমাস হ্যাসলার (১৯৯৪)।

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট

  • ৭ — মাইকেল ওলিসে (ফ্রান্স, ২০২৬)
  • ৬ — পেলে (ব্রাজিল, ১৯৭০)
  • ৫ — রবার্ট গাদোখা (পোল্যান্ড, ১৯৭৪)
  • ৫ — পিয়েরে লিটবারস্কি (পশ্চিম জার্মানি, ১৯৮২)
  • ৫ — দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা, ১৯৮৬)
  • ৫ — টমাস হ্যাসলার (জার্মানি, ১৯৯৪)

বিশ্বকাপ শুরুর আগেই ক্লাব ফুটবলেও দুর্দান্ত ছন্দে ছিলেন ওলিসে। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করার পাশাপাশি ২৬টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। সেই দুর্দান্ত ফর্মই জাতীয় দলের জার্সিতেও ধরে রেখে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন এই ফরাসি তারকা।

যদিও দল হিসেবে ফ্রান্স শিরোপা জিততে পারেনি, তবু ব্যক্তিগত নৈপুণ্যে পেলের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে ওলিসে নিজের নাম স্থায়ীভাবে লিখে রাখলেন বিশ্বকাপের রেকর্ডবইয়ে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর