বিশ্ব অ্যাথলেটিক্সে রেকর্ড লাইলস, উডেনের
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে টানা চার নম্বর সোনা জিতে কিংবদন্তি উসাইন বোল্টকে ছুঁলেন আমেরিকার নোয়া লাইলস।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে টানা চার নম্বর সোনা জিতে কিংবদন্তি উসাইন বোল্টকে ছুঁলেন আমেরিকার নোয়া লাইলস। তিনি সময় নেন ১৯.৫২ সেকেন্ড। এর আগে তিন বার লাইলস সোনা জেতেন ২০১৯, ২০২২ ও ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে। শুক্রবার রুপা ও ব্রোঞ্জ জেতেন যথাক্রমে আমেরিকার কেনেথ বেডনারেক (১৯.৫৮ সেকেন্ড) ও জামাইকার ব্রায়ান লেভেল (১৯.৬৪ সেকেন্ড)।
জামাইকার কিংবদন্তি উসাইন বোল্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে চার বার সোনা জিতেছিলেন ২০০৯, ২০১১, ২০১৩ ও ২০১৫ সালে। এ ছাড়া তিনি রুপা পান ২০০৭ সালে। বোল্টের পরে লাইলসই প্রথম ২০০ মিটারে চারটি সোনা জেতার নজির গড়লেন। শুক্রবার জাপানের টোকিওতে লড়াইটা ছিল মূলত লাইলস ও অলিম্পিক্স চ্যাম্পিয়ন বতসোয়ানার লেটসিলে টেবোগোর। কিন্তু লেটসিলে শেষ করলেন চার নম্বরে (১৯.৬৫)।
মেয়েদের ২০০ মিটারে নজির গড়লেন আমেরিকার মেলিসা জেফারসন উডেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা ব্রিটেনের অ্যামি হান্টকে (২২.১৪) অনেকটা পিছিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন ২১.৬৮ সেকেন্ড সময় করে। ব্রোঞ্জ জেতেন জামাইকার শেরিকা জ্যাকসন (২২.১৮)। ১২ বছর পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একই সঙ্গে মেয়েদের ১০০ ও ২০০ মিটার জিতে নজির গড়লেন মেলিসা। শেষ বার যা করে দেখিয়েছিলেন জামাইকার কিংবদন্তি শেলি অ্যান ফ্রেজার প্রাইস ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: