ফাইনালে হাফ-টাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা ও টম ক্রুজরা
তিনটি দেশ জুড়ে পাঁচ সপ্তাহব্যাপী চলা ১০৪টি ম্যাচ দিয়ে অবশেষে পর্দা নামছে ২০২৬ বিশ্বকাপের। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা।
৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম এবং বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি টেলিভিশন দর্শকের এই মেগা ফাইনালকে আরও আকর্ষণীয় করতে যাচ্ছেন টম ক্রুজ, ম্যাডোনা ও শাকিরাদের মতো বিশ্বখ্যাত তারকারা। ফিফার এই জমকালো সমাপনী অনুষ্ঠানে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
খেলা শুরুর আগে বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচ পূর্ব সমাপনী অনুষ্ঠান। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের সমাপনীতে স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নেমে হলিউডি চমক দেখানো টম ক্রুজ এবারও একটি ‘বিশেষ উপস্থিতি’ নিয়ে হাজির হচ্ছেন। তার সাথে মঞ্চ শেয়ার করবেন ব্রিটিশ পপ তারকা রবি উইলিয়ামস, পুসিক্যাট ডলসের গায়িকা নিকোল শেরজিঙ্গার এবং অস্কারজয়ী জেনিফার হাডসন, যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া মঞ্চে দেখা যাবে আমেরিকান র্যাপার পোস্ট ম্যালোন এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড-কে।
ম্যাচের প্রথমার্ধ শেষে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ১১ মিনিটের একটি জমকালো 'হাফ-টাইম শো'। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এটিকে ‘বিশ্বের সবচেয়ে বড় শো’ হিসেবে আখ্যায়িত করেছেন।
৬৭ বছর বয়সে নতুন অ্যালবাম প্রকাশ করা পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা এই মঞ্চে পারফর্ম করবেন। তার সাথে যোগ দেবেন জাস্টিন বিবার, কে-পপ মেগাগ্ৰুপ বিটিএস এবং গ্লোবাল সেনসেশন শাকিরা, যার বার্না বয়ের সাথে গাওয়া ‘দাই দাই’ গানটি এবারের টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং। পুরো শোটির কিউরেশন করেছেন কোল্ডপ্লে ব্যান্ডের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন, যেখানে ভেনিজুয়েলার বিখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউ ইয়র্কের একটি কোরাস দলও অংশ নেবে। এই আয়োজন থেকে প্রাপ্ত অর্থ ফিফা এবং এনজিও 'গ্লোবাল সিটিজেন'-এর যৌথ শিক্ষা উদ্যোগে অনুদান হিসেবে দেওয়া হবে।
তবে সাধারণত ফুটবলের মধ্যাহ্নবিরতি ১৫ মিনিটের হলেও, এই বিশাল মঞ্চ তৈরি ও তা সরানোর ঝক্কিতে বিরতির সময় কিছুটা বাড়তে পারে। গত বছর এই একই স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে হাফ-টাইম বিরতি ২৪ মিনিটেরও বেশি স্থায়ী হয়েছিল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: