[email protected] মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬
৬ই শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ইয়ামাল? ভাইরাল ভিডিওর দাবি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

বিশ্বকাপ ফাইনালের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল হাত মেলাননি—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে পরবর্তীতে প্রকাশিত স্থিরচিত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য বলছে, ভাইরাল ভিডিওর দাবিটি বিভ্রান্তিকর।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে স্প্যানিশরা।

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে খেলোয়াড়দের পদক প্রদান করেন তিনি। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে অনেকেই দাবি করেন, ট্রাম্পের কাছ থেকে পদক নেওয়ার সময় ইয়ামাল করমর্দন না করেই সামনে এগিয়ে যান।

তবে পরে প্রকাশিত বিভিন্ন স্থিরচিত্রে দেখা যায়, পদক গ্রহণের সময় ট্রাম্প ও ইয়ামালের মধ্যে করমর্দন হয়েছিল। রয়টার্স কানেক্টসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে তাদের করমর্দনের মুহূর্ত স্পষ্টভাবে দেখা যায়। ছবিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে ভিডিওর একটি অংশ দেখে যে ধারণা তৈরি হয়েছিল, স্থিরচিত্র তা সমর্থন করে না।

বিশ্বকাপটি ব্যক্তিগতভাবেও স্মরণীয় হয়ে থাকবে ১৯ বছর বয়সী লামিন ইয়ামালের জন্য। অভিষেক বিশ্বকাপেই তিনি শিরোপাজয়ী দলের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন। পুরো টুর্নামেন্টে একটি গোল করলেও আক্রমণভাগে তার গতি, সৃজনশীলতা ও ম্যাচে প্রভাব স্পেনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ক্লাব ফুটবলেও সময়টা দারুণ কাটছে বার্সেলোনার এই উইঙ্গারের। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবের হয়ে লা লিগা জয়ের পর জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতে নিজের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছেন তিনি। এদিকে বিশ্বকাপজয়ের পর ২০২৬ সালের ব্যালন ডি'অর দৌড়েও ইয়ামালের নাম আলোচনায় উঠে এসেছে। যদিও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা স্পেনের মিডফিল্ডার রদ্রিকেও এই পুরস্কারের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচনা করছেন ফুটবল বিশ্লেষকেরা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর