২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, সরাসরি খেলবে কোন ছয় দেশ?
২০২৬ বিশ্বকাপ শেষ হতেই ফুটবল বিশ্বের দৃষ্টি এখন ২০৩০ সালের বিশ্বকাপের দিকে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এবার ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দেশে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর।
২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক তিনটি দেশ হলো স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার শতবর্ষ স্মরণীয় করে রাখতে উদ্বোধনী পর্বের বিশেষ আয়োজন রাখা হয়েছে দক্ষিণ আমেরিকায়।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। প্রথম ম্যাচটি হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে। এরপর একটি করে ম্যাচ আয়োজন করবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। উদ্বোধনী তিন ম্যাচ শেষে টুর্নামেন্টের বাকি সব খেলা অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে।
বিশেষ এই আয়োজনের কারণে ২০৩০ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে মোট ছয়টি দেশ। মূল আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কো স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলবে। পাশাপাশি শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচের আয়োজক উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েও সরাসরি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পাচ্ছে।
ফিফা ইতোমধ্যে টুর্নামেন্টের জন্য ২৩টি স্টেডিয়ামের পরিকল্পনা অনুমোদন করেছে। সম্ভাব্য ভেন্যুগুলোর মধ্যে রয়েছে স্পেনের ক্যাম্প ন্যু ও সান্তিয়াগো বার্নাব্যু, পর্তুগালের এস্তাদিও দা লুজ, মরক্কোর হাসান–২ স্টেডিয়াম, আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্টাল এবং উরুগুয়ের ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: