[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিসিআই প্রেসিডেন্টের পদ থেকে রজার বিনির ইস্তফা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন রজার বিনি। তাঁর জায়গায় বসতে পারেন রাজীব শুক্লা। তিনি লম্বা সময় ধরে বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

 পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন রাজীব। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ভারতীয় একটি মিডিয়ায় এমনটাই দাবী করা হয়েছে।

বিসিসিআই-এর আইন অনুযায়ী, ৭০ বছর বয়সের পর আর কেউ বোর্ডের কোনও পদে থাকতে পারবেন না। মেয়াদ থাকলেও তাঁকে পদ ছাড়তে হবে। সেই হিসেবেই রজার বিনিকে পদ ছাড়তে হলো। পরের নির্বাচন না আসা পর্যন্ত বোর্ডের দায়িত্ব সামলাবেন রাজীব শুক্লা। এই আনুষ্ঠানিক বদলটা এশিয়া কাপের আগেই হবে।

রিপোর্ট অনুযায়ী, বৃহষ্পতিবার বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিল বৈঠকে বসেছিল। বৈঠকের মূল এজেন্ডা ছিল টিম ইন্ডিয়ার প্রধান স্পনসর। ড্রিম ইলেভেন সরে যাওয়ার পর বোর্ড এখন নতুন স্পনসরের খোঁজে। একাধিক সংস্থা আগ্রহ প্রকাশ করলেও এখনও বোর্ড কাউকে বাছেনি। সেটা নিয়েই আলোচনা করতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হয়েছিল। বোর্ড চাইছে আগামী আড়াই বছরের জন্য কোনও সংস্থাকে স্পনসর করতে। যেহেতু সামনেই এশিয়া কাপ রয়েছে তাই তার আগে দ্রুততার সঙ্গে নতুন সংস্থাকে খুঁজছে বোর্ড।

স্পনসর নিয়ে বৈঠকেই ওঠে রজার বিনির বয়সের প্রসঙ্গ। এর পরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সদ্য দেশে ন্যাশনাল স্পোর্টস আইন চালু হয়েছে। এই আইনের আওতায় বিসিসিআই আসবে কি না সেটা চূড়ান্ত হয়নি। যদি বিসিসিআই আইনের আওতায় আসে তা হলে রজার বিনির ফের প্রেসিডেন্ট পদে বসার সুযোগ রয়েছে। কারণ ন্যাশনাল স্পোর্টস আইন অনুযায়ী, একজনের পদে থাকার বয়স ৭৫। সেই হিসেবে রজার বিনির কাছে সময় রয়েছে।

তবে বিসিসিআই-এর সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আইন অনুযায়ী, রজাব বিনি পদে থাকতে পারবেন না। আগামী মাসে রয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। যদি আইনের আওতায় বোর্ড আসে, তা হলে আরও তিন থেকে চার মাস সময় লাগবে বিষয়টা লাগু করতে। ততদিন পর্যন্ত বিসিসিআই-এর দৈনন্দিন কাজ চলবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আরএম লোধা কমিটির সুপারিশ অনুযায়ী।

সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষ হওয়ার পর ২০২২ সালের ১৮ অক্টোবর বোর্ডের প্রেসিডেন্ট পদে বসেন রজার বিনি। তাঁর অধীনেই উইমেন্স প্রিমিয়ার লিগ চালু হয়। যদিও তার আগেই সেটা চূড়ান্ত হয়ে গিয়েছিল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর