পাকিস্তানকে গুঁড়িয়ে সুপার ফোরে ভারতের এক পা
১২৮ রানের লক্ষ্য ২৫ বল হাতে রেখে পেরিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখ ভারত।
না, প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোটাও দেখা গেল না। আরও নির্দিষ্ট করে বললে ভারতের সামনে পাত্তাই পেল না পাকিস্তান। দুবাইয়ে তাদের ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে এক পা দিয়ে রাখল সূর্যকুমার যাদবের দল। ১২৮ রানের লক্ষ্য ২৫ বল হাতে রেখে পেরিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রাখ তারা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লক্ষ্য তাড়ায় নেমে আক্রমণাত্মক শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল। সহজ করে দেন পথটা।
এর আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন শাহিবজাদা ফারহান। এ ছাড়া অপরাজিত ৩৩ রান করেছেন আফ্রিদি।
আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের প্রথম বৈধ বলেই উইকেট হারিয়েছে তারা। হার্দিক পান্ডিয়ার করা অফ স্টাম্পের বাইরের কিছুটা খাটো লেংথের বল বৃত্তের ভেতরে দাঁড়ানো ফিল্ডারের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন সাইম আইয়ুব, টাইমিং না হওয়ায় পয়েন্টে বুমরাহর হাতে ধরা পড়েন তিনি।
৬ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেছিলেন ফারহান ও ফখর জামান। তৃতীয় উইকেট জুটিতে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন তারা। তবে উইকেটে থিতু হয়েও বাজে শটে উইকেট দিয়েছেন ফখর। অভিজ্ঞ এই ব্যাটার ১৫ বলে করেছেন ১৩ রান।
বিজ্ঞাপন
এরপর সালমান আলি আগা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে। এক প্রান্তে এমন ব্যাটিং ধসের মাঝেও আরেক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন ফারহান। এই তরুণ ওপেনার ৪৪ বলে করেছেন ৪০ রান।
ফারহান আউট হওয়ার পর অনেকেই এখানেই পাকিস্তানের ইনিংসের শেষ ভেবেছিলেন। তবে আফ্রিদি সেটা হতে দেননি। আরও একবার নিজের পাওয়ার হিটিং সামর্থ্যের প্রমাণ দেখালেন তিনি। ১৬ বলে চার ছক্কায় অপরাজিত ৩৩ রান এসেছে তার ব্যাট থেকে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: