[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে শোনা গিয়েছিল, তিনটি শহরে গড়াতে পারে আসন্ন সিরিজ।

 

বাংলাদেশের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে শোনা গিয়েছিল, তিনটি শহরে গড়াতে পারে আসন্ন সিরিজ। তবে দুই ফরম্যাটের সিরিজ মিরপুর ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আসন্ন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।

আগামী ১৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। এরপর ২০ ও ২৩ অক্টোবর বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই লড়াইয়ের পুরোটাই হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চট্টগ্রামে উড়াল দেবে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের জন্যই আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ এটাই হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতির মঞ্চ। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে সংক্ষিপ্ত সংস্করণের মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে লড়বে ভারত।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ শেষবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। যেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যার মাধ্যমে ২০১২ সালে আয়ারল্যান্ডের পর প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পায় বাংলাদেশ। অবশ্য সেই সফরে টাইগাররা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয় ১-১ সমতায়।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ শের-ই বাংলা স্টেডিয়াম, মিরপুর
প্রথম ওয়ানডে     ১৮ অক্টোবর
দ্বিতীয় ওয়ানডে    ২০ অক্টোবর
তৃতীয় ওয়ানডে    ২৩ অক্টোবর

টি-টোয়েন্টি সিরিজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি     ২৭ অক্টোবর
দ্বিতীয় টি-টোয়েন্টি    ৩০ অক্টোবর
তৃতীয় টি-টোয়েন্টি      ১ নভেম্বর

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর