[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কব্জির চোটে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৯ এএম

আবারও চোটের ধাক্কা লাগল অস্ট্রেলিয়া দলে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

 

অনুশীলনের সময় নেটে বোলিং করতে গিয়ে সতীর্থ ক্রিকেটার মিচেল ওয়েনের ড্রাইভে ডান হাতের কবজিতে চিড় ধড়েছে ম্যাক্সওয়েলের। ফলে সিরিজ শুরুর আগেই দেশে ফিরে যাচ্ছেন তারকা অলরাউন্ডার।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরই জানা যাবে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে ম্যাক্সওয়েলের। তবে ভারতের বিপক্ষে সামনের পাঁচ ম্যাচের টি২০ সিরিজ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি শুরু হতে যাওয়া বিগ ব্যাশ দিয়েই হয়তো ফিরতে পারেন তিনি।

২০২২ সালে পা ভাঙার পর থেকে প্রায় নিয়মিতই ইনজুরির সঙ্গে লড়ছেন ম্যাক্সওয়েল। তার অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা। কারণ ব্যাটিংয়ের পাশাপাশি তিনি দলের প্রথম পছন্দের পঞ্চম বোলারও।

এ অবস্থায় বোলিংয়ে দলের জন্য ভরসার পাত্র হতে পারেন মার্কাস স্টয়নিস। যাকে দিয়ে কিছু ওভার করিয়ে নিতে পারেন মিচেল মার্শ। এছাড়া ট্রাভিস হেডকেও ধীরে ধীরে স্পিনার হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।

 

ম্যাক্সওয়েল ছিটকে যাওয়ায় দলে ডাক পেয়েছেন সিডনি সিক্সার্স ও নিউ সাউথ ওয়েলসের উইকেটকিপার-ব্যাটার জশ ফিলিপ। সম্প্রতি ভারত ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করলেও টি২০ ফরম্যাটে তার সাম্প্রতিক রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক নয়।

শেষ দুই বিগ ব্যাশ মৌসুমে একটি মাত্র হাফসেঞ্চুরি পেয়েছেন ফিলিল। আর আন্তর্জাতিক টি২০তে ১২ ইনিংসে তার স্ট্রাইক রেট মাত্র ১০৯।

এরই মধ্যে চোট ও ব্যক্তিগত কারণে আরও কয়েকজনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। জশ ইংলিস, ক্যামেরন গ্রিন ও নাথান এলিস নেই দলে। প্যাট কামিন্সও অনুপস্থিত পিঠের চোটে।

মাউন্ট মঙ্গানুইয়ে বুধবার মাঠে গড়াবে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর