পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ
দেশের বাইরে কোনো বিদেশি টি-টোয়েন্টি লিগ খেলতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটাররা। তাদের দেওয়া সব অনাপত্তিপত্র স্থগিত করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেটার ও তাদের এজেন্টকে এই সিদ্ধান্ত জানিয়ে সোমবার বার্তা পাঠিয়েছেন পিসিবি চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে এই খবর।
পিসিবির ওই বার্তা হাতে পেয়েছে ক্রিকইনফো। সেখানে লেখা আছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের বাইরের লিগ খেলতে পারবেন না ক্রিকেটাররা।
‘পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অনুমোদনক্রমে ক্রিকেটারদের বিভিন্ন লিগ ও বিদেশে অনুষ্ঠিত অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দেওয়া সব অনাপত্তি (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হলো।’
এমন সিদ্ধান্তের পেছনে কোনো কারণ অবশ্য জানানো হয়নি। এশিয়া কাপের ফাইনালে হারের পরদিন এই সিদ্ধান্ত নিলো পাকিস্তানের ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে সেই ব্যাপারেও কোনো পরিষ্কার তথ্য নেই।
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিসহ পাকিস্তানের সাত ক্রিকেটারের সামনের বিগ ব্যাশ লিগে খেলার কথা। এছাড়া আইএল টি-টোয়েন্টির নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছে পাকিস্তানের ১৮ ক্রিকেটার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: