ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের হুমকি দিয়েছেন- আমিনুল হক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে সরকারী হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, ক্রীড়া সম্পাদক এবং সাবেক তারকা ফুটবলার আমিনুল হক।
এ জন্য তিনি সরাসরি অভিযোগের আঙ্গুল তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে। মঙ্গলবার পলটনের শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে জিয়া আন্ত:ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘বিসিবির নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ছিল। ক্রীড়া উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করেছেন। যার প্রত্যেকটি ঘটনার প্রমাণ রয়েছে আমাদের কাছে।’
জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে বলেছেন যে তাঁদের ডেকে নিয়ে এভাবে হুমকি দেওয়া হয়েছে।’
আমিনুল যোগ করেন, ‘বুলবুল ভাই (আমিনুল ইসলাম) ১৮ সেপ্টেম্বর জেলা ও বিভাগীয় প্রশাসকদের চিঠি দিয়ে অ্যাডহক কমিটির মধ্য থেকে কাউন্সিলর দেওয়ার জন্য চিঠি দিেেছন। যে চিঠিটি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকরা রিট করে চ্যালেঞ্জ করেছিলেন, তার ফলে একটি আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও, আদালত রায় দিয়েছেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এর অর্থ হলো, যদি হাইকোর্ট চিঠিটিকে অবৈধ ঘোষণা করে, তবে ইতিমধ্যে নির্বাচিত সদস্যদের থাকা সত্ত্বেও পুরো নির্বাচনব্যবস্থাও বাতিল হয়ে যেতে পারে।’
বিসিবি নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আমিনুল আরও বলেন, ‘আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেনও হয়েছে। এটি অত্যন্ত পীড়াদায়ক যে, বোর্ড পরিচালকেরা আর্থিক লেনদেনের মাধ্যমে নির্বাচিত হতে পারেন। এরফলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে একটি বিশাল সন্দেহ তৈরি করে। আমি মনে করি পুরো নির্বাচন ব্যবস্থাপনাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেটপ্রেমী বা ক্রীড়া সংগঠকেরা স্বাভাবিকভাবে মেনে নেবেন না।’
ফ্যাসিস্ট আওয়ামী লীগের একনিষ্ঠদেরও জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর দেওয়ায় সমালোচনা করে আমিনুল বলেণ, ‘আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মীকেও এনএসসির মতো প্রতিষ্ঠান থেকে কিভাবে কাউন্সিলর করা হলো, তা আমাদের বোধগম্য নয়। আসলে বিসিবির নির্বাচন নিয়ে সাপ-বেজির খেলা হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরন করতে পারেনি।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: