বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আফগান শিবিরে দু:সংবাদ
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের আগেই দুঃসংবাদ পেল আফগানরা। চোটের কারণে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন তরুণ পেসার মোহাম্মাদ সালেম।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ওয়ানডেতে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ সামনে আফগানিস্তানের। তবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের আগেই দুঃসংবাদ পেল আফগানরা। চোটের কারণে ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন তরুণ পেসার মোহাম্মাদ সালেম।
২৩ বছর বয়সী এই পেসারকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলে ডাকা হলেও, ইনজুরির কারণে তার আর মাঠে নামা হচ্ছে না। ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। মোহাম্মাদ সালেমের ছিটকে যাওয়ায় কপাল খুলেছে আরেক পেসার বিলাল সামি।
জানা গেছে, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ওয়ানডে দলে ডাক পেলেন বিলাল সামি। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ‘গাজী আমানউল্লাহ খানে’ তিনি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। পুরো টুর্নামেন্টে ১০ উইকেট নেয়ার পাশাপাশি বল হাতে দারুণ কৃপণতা দেখিয়েছেন এই পেসার। টুর্নামেন্টজুড়ে তার ইকোনমি রেট ছিল মাত্র ৪.৯৭।
উল্লেখ্য, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। সিরিজের বাকি ম্যাচগুলোও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড : হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: