ভারত সিরিজ দিয়ে দলে ফিরলেন অধিনায়ক বাভুমা
ইনজুরি থেকে সেরে ভারত সফরে ফিরছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আগামী মাসে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনি। সেপ্টেম্বরে ইংল্যান্ডে চোটে পড়ার কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন বাভুমা।
পাকিস্তানের বিপক্ষে ১-১ সমতায় ড্র করা সিরিজ থেকে বাভুমার অন্তর্ভুক্তিই একমাত্র ব্যাটিং পরিবর্তন। মিডল-অর্ডার ব্যাটার ডেভিড বেডিংহ্যামের বাদ পড়াটা বেশ অপ্রত্যাশিত। ১৫ টেস্টে একটি সেঞ্চুরি ও চারটি ফিফটি করা বেডিংহ্যাম জিম্বাবুয়ের বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলার আগে ১২ ইনিংসে ফিফটি করতে ব্যর্থ হয়েছিলেন। টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস ও জুবায়ের হামজা স্কোয়াডে থাকায় বেডিংহ্যামের জায়গা হয়নি।
এদিকে কেশভ মহারাজ, সাইমন হার্মার এবং সেনুরান মুত্থুস্বামী—এই তিন বিশেষজ্ঞ স্পিনারকেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। তিনজনই পাকিস্তানে ভালো পারফর্ম করেছেন। পেস আক্রমণে আছেন কাগিসো রাবাদা, করবিন বোশ ও মার্কো ইয়ানসেন। পাকিস্তান সফরে বাদ পড়া লুঙ্গি এনগিদি এই সফরেও সুযোগ পাননি।
ভারত-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে কলকাতায়। দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকা তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, করবিন বশ, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, সেনুরান মুত্থুস্বামী, কাগিসো রাবাদা ও সাইমন হার্মার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: