টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিশ্ব রেকর্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়েছেন মালয়েশিয়ার তারকা অলরাউন্ডার বীরানদীপ সিং। ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার বিরল কীর্তি গড়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে বাহরাইনের বিপক্ষে ৩ উইকেট শিকার করার মধ্য দিয়ে বীরানদীপ ১০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাহরাইন ১০৭ রান সংগ্রহ করে। জবাবে মালয়েশিয়া ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়, যেখানে ব্যাট হাতে বীরানদীপ খেলেন ২৩ রানের ইনিংস। এর আগে চলতি বছরের জুলাইয়ে সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলার পথে তিনি তিন হাজার রানের ক্লাবে নাম লেখান।
তবে বীরানদীপের এই রেকর্ডে শীঘ্রই ভাগ বসাতে পারেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রাজার সংগ্রহ বর্তমানে ২৮৪৬ রান এবং ১০২টি উইকেট। অর্থাৎ, আর মাত্র ১৫৪ রান করলেই তিনি এই বিশ্ব রেকর্ডে ভাগ বসাবেন।
সিকান্দার রাজা গত ২০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে শততম উইকেটটি নিয়েছেন এবং জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
অন্যদিকে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান ও ১০০ উইকেটের মাইলফলক কেউ না ছুঁতে পারলেও, ২ হাজার রান ও ১০০ উইকেটের অভিজাত ক্লাবে আছেন রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীর মতো তারকারা।
বাংলাদেশের সাকিব আল হাসানের সংগ্রহ ২৫৫১ রান এবং ১৪৯টি উইকেট। গত বছর ভারতের মাটিতে খেলা টেস্টের সময় তিনি জানান, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। এছাড়া, ৪০ বছর বয়সী আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ২৪১৭ এবং উইকেট ১০৪টি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: