[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশকে ‘না’, শ্রীলঙ্কাকে আমন্ত্রণ ভারতের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫ ০৭:১১ এএম

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং ভারত নারী ক্রিকেট দলের দ্বিপক্ষীয় সিরিজ। ভারত সফরে নিগার সুলতানা জ্যোতির দলের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট কোনো কারণ না জানিয়েই সেই সিরিজ স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবার বাংলাদেশের বিপক্ষে সিরিজের সেই সময়টাতেই তারা শ্রীলঙ্কার আতিথেয়তা জানানোর ঘোষণা দিয়েছে।

আগামী ২১ ডিসেম্বর থেকে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে স্বাগত জানাচ্ছে ভারত। দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে মুখোমুখি হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুর রাজ্জাক ভারত সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, বিসিসিআই ই-মেইলের মাধ্যমে সিরিজ পিছিয়ে দেয়ার কথা জানিয়েছে। রাজ্জাক বলেন,‘হ্যাঁ, সিরিজ স্থগিত হয়েছে। পরে নতুন সময় ঠিক করা হবে। আপাতত কোনো তারিখ নির্ধারণ হয়নি এবং দ্রুতও হওয়ার সম্ভাবনা কম।’

ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের নতুন এফটিপি চক্র এবং নতুন উইমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার প্রক্রিয়া পিছিয়ে গেল। উল্লেখ্য, এই বছরের আগস্টে বাংলাদেশ-ভারত পুরুষ দলের দ্বিপক্ষীয় সিরিজও কোনো কারণ না দেখিয়ে স্থগিত করেছিল ভারত।

অন্যদিকে, ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় নারী দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে প্রথম মাঠে নামছে। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও শ্রীলঙ্কা উভয় দলের জন্যই এই পাঁচ ম্যাচের সিরিজটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় তৈরি হওয়া ফাঁকা জায়গাতেই মূলত শ্রীলঙ্কা সিরিজটি আয়োজন করা হচ্ছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর