বিশ্বকাপের জার্সি উন্মোচন করল ভারত
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগেই আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করেছে টিম ইন্ডিয়া। বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার পর মাঠেই হয় এই জমকালো উন্মোচন অনুষ্ঠান।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি দলের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তার সঙ্গে ছিলেন দলের আরেক সদস্য তিলক ভার্মা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া। তবে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বেই দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপার দেখা পায় ভারত। বিশ্বকাপ দিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও আগামী বিশ্বকাপে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে। জার্সি উন্মোচন শেষে ভারতীয় দলকে শুভকামনা জানিয়েছেন রোহিত।
শুভকামনা জানিয়ে তিনি বলেন,'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর ভারতে অনুষ্ঠিত হবে। আমি আশা করছি এই বিশ্বকাপে বেশ উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা হবে। আমি নিশ্চিত সবাই ভারতীয় দলের পাশে থাকবেন এবং সমর্থন জানাবেন।'
২০২৪ সালের শিরোপা জয়ের অনুভূতি প্রকাশ করে রোহিত বলেন,'আমাদের এ যাত্রাটা অনেক দীর্ঘ ছিল। দ্বিতীয়বার শিরোপা জেতার অনুভূতি ছিল অনেক দুর্দান্ত।'
প্রসঙ্গত, আগামী বছরের ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠবে। ২০ দলের এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: