[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এখনো ওয়াসিম আকরামকেই সেরা মানেন স্টার্ক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৮:১২ এএম

ক্রিকেটের টেস্ট ফরম্যাটে নতুন এক ইতিহাস তৈরি করলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনের গাব্বায় প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে।

টেস্ট ক্রিকেটে বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি এখন স্টার্কের দখলে। প্রথম দিন শেষে তার বর্তমান উইকেট সংখ্যা ৪১৮টি।

অ্যাশেজের পিংক-বলের টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনেই পাকিস্তানি কিংবদন্তিকে ছাড়িয়ে যান স্টার্ক। ৪১২ উইকেট নিয়ে বোলিং শুরু করা এই অজি পেসার প্রথমে বেন ডাকেট ও অলি পোপকে ফিরিয়ে ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ডে ভাগ বসান। এরপর নিজের ৪১৫তম উইকেটটি শিকার করে তিনি ইতিহাস তৈরি করেন। প্রথম দিন শেষে স্টার্কের বোলিং ফিগার ছিল ৬/৭১।

উইকেটের সংখ্যায় এগিয়ে গেলেও, ইনিংসের হিসেবে অবশ্য ওয়াসিম আকরামের চেয়ে কিছুটা পিছিয়ে স্টার্ক। পাকিস্তানি কিংবদন্তি ৪১৪ উইকেট নিয়েছিলেন ১০৪ ম্যাচের ১৮১ ইনিংসে। অন্যদিকে, স্টার্ককে ৪১৫ উইকেট পেতে লেগেছে ১০২ ম্যাচে ১৯৫ ইনিংস।

রেকর্ড ভাঙার পর ব্রডকাস্টার চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে স্টার্ক বিনয়ের সঙ্গে বলেন,‘আমি নিজেকে ‘গ্রেটেস্ট অব অল টাইম’(সর্বকালের সেরা) বলব না। পরে এসব নিয়ে ভাবব। ওয়াসিম এখনও আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার কাছে তিনি এখনও বাঁহাতি পেসারদের মধ্যে শীর্ষে, আর ক্রিকেটের সেরা বোলারদের একজন। তার পাশে আমার নাম উচ্চারিত হচ্ছে, এটা ভালো।’

বাঁহাতি পেসারের মুকুট হাত তুলে দেয়ার পর স্টার্ককে প্রশংসায় ভাসিয়েছেন ওয়াসিম আকরামও। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন,‘তোমার জন্য গর্ব হচ্ছে, স্টার্ক। দারুণ পরিশ্রম তোমাকে আলাদা করেছে। আমার উইকেটসংখ্যা তুমি ছাড়িয়ে যাবে, এটা সময়ের ব্যাপারই ছিল। আমি আনন্দের সঙ্গে এই রেকর্ড তোমাকে তুলে দিলাম। আরও ভালো করো।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর