অ্যাশেজের তৃতীয় টেস্টের এক সপ্তাহ আগেই দল ঘোষণা অস্ট্রেলিয়ার
চলমান অ্যাশেজে দারুণ ফর্মে আছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে তারা। অ্যাডিলেডে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। এই টেস্ট জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।
বুধবার (১০ ডিসেম্বর) তৃতীয় টেস্ট শুরুর এক সপ্তাহ আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। চোট কাটিয়ে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। এছাড়াও, ইনজুরির সমস্যায় থাকা উসমান খাজা ও নাথান লায়নও দলে জায়গা ধরে রেখেছেন।
গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। তারপর থেকেই দলের বাইরে ছিলেন তিনি। অ্যাশেজের প্রথম দুই টেস্ট মিস করায় দলকে নেতৃত্ব দেন স্টিভেন স্মিথ। ৫ মাস পর মাঠের লড়াইয়ে নামছেন ৩২ বছর বয়সি এই পেসার।
তৃতীয় টেস্টে কামিন্স একাদশে জায়গা পেলে এবং নাথান লায়নও ফিরলে অস্ট্রেলিয়ার দলে বেশকিছু পরিবর্তন দেখা যাবে। স্কট বোল্যান্ড, মাইকেল নেসার এবং ডগেটের মধ্যে দুইজনকে একাদশ থেকে জায়গা হারাতে হতে পারে।
তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: