বোলিং জাদুতে দলকে জিতিয়ে ম্যাচসেরা হলেন সাকিব
ক্রিকেটার সাকিব আল হাসান যে একেবারে ফুরিয়ে যাননি সেটির প্রমাণ দিলেন রোববার (২১ ডিসেম্বর) রাতে। আইএল টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে বিবর্ণ ছিলেন তিনি। তবে তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন এমআই এমিরেটসের এই অলরাউন্ডার। দুর্দান্ত বোলিংয়ে জেতালেন ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে।
ম্যাচে ৪ ওভারে ইকোনমি মাত্র সাড়ে তিন রেখে ১৪ রান দেন সাকিব। শিকার করেন ২ উইকেট। ২৪ বলের অর্ধেকেই ডট দেন তিনি। তাতে ২০ ওভারে ভাইপার্স করতে পারে ১২৪। পরে সাকিবের এমিরেটস সেই রান ৪ উইকেট ও ১৫ বল বাকি থাকতেই অতিক্রম করে।
এদিন দলকে জিতিয়েই মাঠ ছাড়েন সাকিব। প্রথম ২৪ বলে কোনো বাউন্ডারি ছাড়া ১৩ রানে অপরাজিত থাকলেও ২৫তম বলে চার মেরে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। বলে-ব্যাটে জাদু দেখিয়ে ম্যাচসেরা হন তিনিই।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলতে নামা সাকিব অভিষেক ম্যাচে শারজাহ ওয়ারিয়র্জের বিপক্ষে ১২ বলে ১৬ রান করার পর তাকে তুলে নেয় দল। পরে বোলিংয়ে ২ ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ৪ ম্যাচ পর শনিবার একাদশে ফিরে আবু ধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। পরে বোলিংয়ে ২ ওভারে ২০ রান দিয়ে পাননি কোনো উইকেট। তৃতীয় ম্যাচে নিজের জাত চেনালেন তিনি।
সাকিব এদিন বোলিংয়ে আসেন পাওয়ার প্লের পরই। প্রথম ওভারে মাত্র ৪ রান দিয়ে ফখর জামানকে ফেরান তিনি। নিজের দ্বিতীয় ওভারে দেন মাত্র ৩ রান। এই ওভারের দ্বিতীয় বলেই স্যাম কারেনকে তালুবন্দী করেন তিনি নিজে। একাদশতম ওভারে নিজের তৃতীয় ওভার করেন সাকিব, খরচ করেন মাত্র ৩ রান। আর পঞ্চদশ ওভারে নিজের কোটার শেষ ওভারেও তারকা এই অলরাউন্ডার একই রান খরচ করেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: