ভারত সাহায্য চেয়েছে, বিস্ফোরক দাবি পাকিস্তানের সাবেক তারকার
রাজনৈতিক সম্পর্ক তো বটেই, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কও সাপে-নেউলে। তবে বাহিরে যেমন, ভেতরে নাকি তেমনটা নয়। এমন দাবিই করলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার ও বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ।
তিনি দাবি করেছে, পেস বোলারদের উন্নয়নের বিষয়ে পরামর্শ নিতে ভারতের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পিসিবির অফিসিয়াল পডকাস্টে কথা বলতে গিয়ে এই তথ্য প্রকাশ করেন আকিব। খবর জিও সুপারের।
একই আলোচনায় আকিব পাকিস্তান ক্রিকেট, হাই পারফরম্যান্স কাঠামো এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন। আকিব বর্তমানে জাতীয় নির্বাচক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পডকাস্টে আকিব জাভেদ পিসিবির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের ভূমিকা তুলে ধরেন এবং এটিকে খেলোয়াড় উন্নয়নের ‘ইঞ্জিন রুম’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) নিয়ে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি পূর্ণাঙ্গ বায়োমেকানিক্স ল্যাব স্থাপন অন্যতম।’
আকিব জানান, আইসিসি অনুমোদিত এই ল্যাবটি ২০০৬ সাল থেকে কার্যত অচল ছিল, তবে আগামী কয়েক মাসের মধ্যেই সেটি চালু হওয়ার কথা রয়েছে। তার ভাষ্য, ‘এই সুবিধার মাধ্যমে আমরা অবৈধ বোলিং অ্যাকশন শনাক্ত করতে পারব এবং একই সঙ্গে খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে কাজ করতে পারব।’
পিসিবির এই কর্মকর্তা বলেন, ‘বিদেশি ও প্রবাসী খেলোয়াড়রা এখন পাকিস্তানে এসে ট্রেনিং নিতে পারছেন। ইতোমধ্যে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের খেলোয়াড়দের আমরা আতিথেয়তা দিয়েছি।’
আকিব আরও জানান, ভবিষ্যতে এই কর্মসূচি বিশ্বব্যাপী সম্প্রসারিত হবে এবং এরই মধ্যে ভারতের পক্ষ থেকেও তাদের ফাস্ট বোলারদের উন্নয়নের জন্য দিকনির্দেশনা চাওয়া হয়েছে।
ভারত-পাকিস্তানের টানাপোড়েনপূর্ণ সম্পর্ক নিয়ে উপস্থাপকের মন্তব্যের জবাবে হালকা রসিকতায় আকিব বলেন, ‘সাধারণ মানুষ একভাবে ভাবে, আর ব্যুরোক্রেসি বিষয়গুলো নিজের মতো করে দেখে।’
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: