[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামের পথে কি নোয়াখালীও?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়ানোর আগের দিনই তৈরি হলো চরম অনিশ্চয়তা। আর্থিক জটিলতার কারণ দেখিয়ে দিনের শুরুতেই বিপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। উপায় না পেয়ে এরপর দলটি পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার চরম অস্থিরতা প্রকাশ্যে এলো ‘নোয়াখালী এক্সপ্রেস’ শিবিরে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় অনুশীলনে নামার কথা ছিল তাদের। কিন্তু অব্যবস্থাপনার অভিযোগে মাঠে এসেও অনুশীলন ছেড়ে চলে গেছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সিনিয়র সহকারী কোচ তালহা জুবায়ের।

জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে মাঠ ছেড়েছেন সুজন ও তালহা। তারা আদৌ আর ডাগআউটে ফিরবেন কি না, তা জানা যায়নি। দলের প্রস্তুতি ও শৃঙ্খলার ওপর এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্রিকেট পাড়ায় গুঞ্জন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে চট্টগ্রামের মতো নোয়াখালী এক্সপ্রেসের মালিকানাও বিসিবি নিজের কাঁধে তুলে নিতে পারে। এবারের বিপিএলে ‘হৃদয় জেতার’ প্রতিশ্রুতি নিয়ে দল গড়েছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই ম্যানেজমেন্টের অপেশাদারিত্বে বড় ধাক্কা খেল দলটি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর