২৫ লাখ টাকার হীরাখচিত বিপিএল ট্রফি, জানা গেল উদ্বোধনীতে না থাকার কারণ
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বিপিএলের দ্বাদশ আসরের। তবে মাঠের লড়াই শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠানে ছিল একটি বড় অপূর্ণতা, উন্মোচন করা হয়নি টুর্নামেন্টের শিরোপা বা ট্রফি। বিসিবি জানিয়েছে, গতানুগতিক ধারা ভেঙে এবার অত্যন্ত মূল্যবান ও আকর্ষণীয় একটি ট্রফি আনার প্রক্রিয়া চলায় এই বিলম্ব।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি পরিচালক সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আসরের জন্য একটি ট্রফি প্রস্তুত করা হলেও তা মানসম্মত না হওয়ায় আয়োজক কমিটি তা গ্রহণ করেনি। তিনি বলেন,‘আগের ট্রফিগুলো ছিল গতানুগতিক। আমরা এবার পরিবর্তন চেয়েছি। প্রথম দফায় যে ট্রফিটি আনা হয়েছিল তা সন্তোষজনক ছিল না। তাই নতুন করে ট্রফি অর্ডার করা হয়েছে এবং খুব দ্রুতই তা আমাদের হাতে আসবে।’
স্বল্প সময়ের মধ্যে নতুন কিছু করার চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি আরও যোগ করেন,‘পুরনো ট্রফিটি রেখে দিলে এই প্রশ্ন আসত না। তবে আমরা দর্শকদের সেরা একটি ট্রফি উপহার দিতে চাই। এটি বিদেশ থেকে আমদানি করা হচ্ছে।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন ট্রফিটির বিশেষত্ব তুলে ধরে জানিয়েছেন, এবারের ট্রফিটি হবে হীরাখচিত বা ‘ডায়মন্ড স্টাডেড’। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা)। আমজাদ হোসেন বলেন,‘মূল্যবান এই ট্রফিটি বুঝে পেতে কিছুটা দেরি হচ্ছে। ইনশাআল্লাহ দ্রুতই এটি দেশে পৌঁছাবে। ট্রফিটি দেখলে সবার ভালো লাগবে।’
ট্রফি উন্মোচনের পরিকল্পনা সম্পর্কে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ট্রফিটি হাতে পাওয়ার পর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তা জনসমক্ষে আনা হবে। যথাযথ সময়ে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়ে ট্রফি উন্মোচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: