[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চমক রেখে বিশ্বকাপে ইংল্যান্ডের ১৫ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চোটের শঙ্কা সত্ত্বেও দলে রাখা হয়েছে পেসার জোফরা আর্চারকে। ভারতের উইকেট বিবেচনায় প্রথমবারের মতো সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন আরেক পেসার জশ টাং। বিশ্বকাপের পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজের দলও ঘোষণা করা হয়েছে। খবর ইএসপিএনের।

অনেক পরীক্ষা-নিরীক্ষার পরও ব্যর্থ হওয়ায় সীমিত ওভারের দল থেকে পুরোপুরি বাদ পড়েছেন জেমি স্মিথ। ওপেনার হিসেবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় তাকে শ্রীলঙ্কা সফরের দলেও রাখা হয়নি। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ মিস করা বেন ডাকেট আবারও দলে ফিরেছেন।

নিউজিল্যান্ড সফর মিস করা অলরাউন্ডার উইল জ্যাকস ফিরেছেন দুই ফরম্যাটের দলেই। ২০২৩ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন জ্যাক ক্রলি। তবে জর্ডান কক্স ও হাঁটুর অস্ত্রোপচারের পর পুনর্বাসনে থাকা পেসার সাকিব মাহমুদ দলে জায়গা পাননি।

অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার সূচি থাকলেও টেস্ট দলের তারকাদের বিশ্রাম দেয়নি ইংল্যান্ড। ওয়ানডে দলে থাকা সাতজন ক্রিকেটার পুরো অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ায় খেলেছেন, যার মধ্যে রয়েছেন সদ্য ৩৫ বছরে পা রাখা জো রুট।

অভিজ্ঞতার ওপর ভর করেই সাদা বলের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে ইংল্যান্ড। ২০২৫ সালে সীমিত ওভারের দায়িত্ব নেওয়ার পর ম্যাককালামের অধীনে ১৩টি টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জিতেছে ৬টি ও হেরেছে ৫টি ম্যাচ। ওয়ানডেতে তার অধীনে ১৫ ম্যাচে হেরেছে ১১টিতে। এর ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড অষ্টম স্থানে রয়েছে।

শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার (শুধু বিশ্বকাপ), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স (শুধু শ্রীলঙ্কা সফর), স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং ও লুক উড।

শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল
হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, লুক উড।

শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের সাদা বলের সূচি
১ম ওয়ানডে: ২২ জানুয়ারি, কলম্বো
২য় ওয়ানডে: ২৪ জানুয়ারি, কলম্বো
৩য় ওয়ানডে: ২৭ জানুয়ারি, কলম্বো
১ম টি-টোয়েন্টি: ৩০ জানুয়ারি, ক্যান্ডি
২য় টি-টোয়েন্টি: ১ ফেব্রুয়ারি, ক্যান্ডি
৩য় টি-টোয়েন্টি: ৩ ফেব্রুয়ারি, ক্যান্ডি
*টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর