টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওমানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ওমান ক্রিকেট বোর্ড। ধারাবাহিক পারফরম্যান্সের ঘাটতির কারণে দলে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার আমির কালিমের। সবশেষ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলে নজর কাড়লেও, পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক হতে না পারায় ৪৩ বছর বয়সি এই ব্যাটারকে বিশ্বকাপের দলে রাখা হয়নি।
এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপালের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ওমানের নেতৃত্বে থাকবেন জাতিন্দার সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে ওমানের হয়ে সর্বোচ্চ রানের মালিক এই ব্যাটারই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার ব্যাটার বিনায়েক শুকলা।
সবশেষ এশিয়া কাপের স্কোয়াড থেকে পাঁচটি পরিবর্তন এনে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ওমান। নতুন করে দলে জায়গা পেয়েছেন ওয়াসিম আলী, কারান সোনাভালে, জয় ওদেরা, পেসার শফিক জেইন এবং জিতেন রামানান্দী। তাদের মধ্যে ওদেরা, ওয়াসিম ও রামানান্দী বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন। অন্যদিকে এশিয়া কাপ রাইজিং স্টার্সে অভিষেক হয়েছিল শফিক জেইনের।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান পড়েছে শক্তিশালী এক গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আগামী ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ওমান।
ওমানের স্কোয়াড
জাতিন্দার সিং (অধিনায়ক), বিনায়েক শুকলা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, কারান সোনাভালে, ফয়সাল শাহ, সুফিয়ান মেহমুদ, জয় ওদেরা, শফিক জেইন, আশিশ ওদেরা, জিতেন রামানান্দী, হাসনাইন আলী শাহ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: