[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

রুট-ব্রুকের দাপটের পর বৃষ্টির বাগড়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

অ্যাশেজের ঐতিহাসিক ‘আর্ন’ জেতার সুযোগ আগেই হাতছাড়া করার পর শেষ দিকে লড়াকু ক্রিকেট খেলছে ইংল্যান্ড। সিরিজের শেষ টেস্টের প্রথম দিনে দাপুটে ব্যাটিং করেছেন জো রুট ও হ্যারি ব্রুক। তবে শেষ দিকে বাগড়া বেধেছে বৃষ্টি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার অ্যাশেজের শেষ ম্যাচের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৪৫ ওভার। টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২১১ রান করেছে ইংল্যান্ড। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সত্তরছোঁয়া ইনিংস খেলে অপরাজিত রুট ও ব্রুক।

সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে অ্যাশেজ আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। পরে চতুর্থ টেস্ট জিতে গেছে ইংল্যান্ড। আর এবার শেষ ম্যাচে ইতিবাচক কিছু করে সফরটি ভালোভাবে শেষ করার লক্ষ্য সফরকারীদের।

শেষ ম্যাচে অফ স্পিনার টড মার্ফিকে নেওয়ার সম্ভাবনা দেখা দিলেও, শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি স্বাগতিক অস্ট্রেলিয়া। তিন বিশেষজ্ঞ পেসারের সঙ্গে দুই পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বাউ ওয়েবস্টারকে দলে নিয়েছে তারা। ইংল্যান্ড একাদশে ফিরেছেন ম্যাথু পটস।

আগে ব্যাট করতে নেমে ‘বাজবল’ স্টাইলে খেলা শুরু করেন বেন ডাকেট। তবে বেশিক্ষণ তিনি টিকতে পারেননি। সপ্তম ওভারে বাঁহাতি ওপেনারকে কট বিহাইন্ড করেন মিচেল স্টার্ক। ২৪ বলে তিনি খেলেন ২৭ রানের ইনিংস।

এরপর জ্যাক ক্রলি ও জ্যাকব বেথেলও কিছু করতে পারেননি। মাইকেল নেসারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ক্রলি (২৯ বলে ১৬)। আর স্কট বোল্যান্ডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন বেথেল (২৩ বলে ১০)।

দিনের বাকি সময় আর আনন্দের উপলক্ষ পায়নি অস্ট্রেলিয়া। ব্রুকের মারকাট ব্যাটিংয়ের ইনিংস অবশ্য বেশ কয়েকবার স্লিপ কর্ডনে গিয়েছে বল। কিন্তু প্রতিবারই অল্পের জন্য বেঁচে যান ইংল্যান্ডের ছন্দে থাকা তারকা ব্যাটার।

৫ চারে ৬৩ বলে ফিফটি করেন ব্রুক। অন্য প্রান্তে ৭ চারে পঞ্চাশ করতে ৬৫ বল খেলেন রুট। এরপর রুট খোলসে ঢুকে যান। তবে একই ছন্দে এগোতে থাকেন ব্রুক। তবে দ্বিতীয় সেশনের শেষ দিকে শুরু হয় বৃষ্টি। যে কারণে হারিয়ে যায় অর্ধেক ওভার।

প্রথম দিন শেষে ৯২ বলে ৭৮ রানে অপরাজিত ব্রুক। আর রুটের সংগ্রহ ১০৩ বলে ৭২ রান। অবিচ্ছিন্ন জুটিতে দুজন মিলে যোগ করেছেন ১৫৪ রান।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর