[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

দারুণ ব্যাটিংয়েও দলকে বাঁচাতে পারলেন না সাকিব, চ্যাম্পিয়ন ভাইপার্স

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

আইএলটি২০-তে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল সাকিব আল হাসানের দল এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্স। এদিন বল হাতে সুবিধা করতে না পারলেও ব্যাট হাতে ২৭ বলে গুরুত্বপূর্ণ ৩৬ রান করেছেন সাকিব। তবে তাতে শেষরক্ষা হয়নি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে এমআই এমিরেটসকে ৪৬ রানে হারিয়ে প্রথমবারের মতো আইএলটি২০ শিরোপা জিতেছে ডেজার্ট ভাইপার্স।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রান তোলে ডেজার্ট ভাইপার্স। দলের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক স্যাম কারেন। তিনি ৫১ বলে অপরাজিত ৭৪ রান করেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।

কারেনকে দারুণভাবে সঙ্গ দেন ম্যাক্স হোল্ডেন। তিনি ৩২ বলে ৪১ রান করেন, যার মধ্যে ছিল ২টি চার ও ১টি ছক্কা। ওপেনার ফখর জামানও ভালো শুরু এনে দেন, ১৫ বলে ২০ রান করেন ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে। শেষদিকে ড্যান লরেন্স ঝড়ো ব্যাটিং করে ১৫ বলে ২৩ রান যোগ করেন, যেখানে ছিল একটি চার ও একটি ছক্কা।

ফাইনালে এমআই এমিরেটস বোলিংয়ে মোট আটজন বোলার ব্যবহার করে। ফজলহক ফারুকি ছিলেন সবচেয়ে সফল বোলার, ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। আকিল হোসেন শিকার করেন ১ উইকেট। ১ ওভারে ১০ রান খরচ করেন সাকিব।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এমআই এমিরেটস ১৮.৩ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিব। ৩৬ রান করার পথে হাঁকান ৩টি চার। অধিনায়ক কাইরন পোলার্ড ২৮ বলে ২৮ রান করেন।

উল্লেখ্য, স্যাম কারেনের নেতৃত্বে ডেজার্ট ভাইপার্স চার মৌসুমে তৃতীয়বারের মতো আইএলটি২০ ফাইনাল খেলল এবং এবারই প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর