৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংকে ছুঁলেন রুট, আরও যত কীর্তি
এবারের অ্যাশেজের আগে অস্ট্রেলিয়ায় শতরানের ইনিংসই ছিল না ইংল্যান্ডের ব্যাটার জো রুটের। আর এবার এরই মধ্যে দুইটি সেঞ্চুরি আদায় করেছেন। সোমবার (৫ জানুয়ারি) সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৪১তম সেঞ্চুরি করে ফেললেন রুট।
এর মাধ্যমে রুট ছুঁয়ে ফেললেন রিকি পন্টিংয়ের রেকর্ড। টেস্টে অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ব্যাটারেরও সেঞ্চুরি সংখ্যা ৪১টি। টেস্টে সেঞ্চুরির দিক দিয়ে রুটের ওপরে এখন কেবল জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার(৫১)।
আগের দিনে ৭২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের সকালে ব্যাট করতে নেমে মাত্র ১৪৬ বলে নিজের ৪১তম টেস্ট শতক পূর্ণ করেন রুট। শেষ পর্যন্ত ২৪২ বলে ১৬০ রান করে আউট হন তিনি। তাতে প্রথম ইনিংসে ৩৮৪ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
এছাড়া, আন্তর্জাতিক ক্রিকেটে এটি রুটের ৬০তম শতক। সব সংস্করণ মিলিয়ে এই মাইলফলকে পৌঁছানো ইতিহাসের মাত্র ষষ্ঠ ব্যাটার তিনি। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় তার ওপরে রয়েছেন কেবল ভারতের বিরাট কোহলি (৮৪)।
সিডনির এই ইনিংসে রুট আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন ছুঁয়ে ফেলেন। তিনি টেস্ট ক্যারিয়ারে ১৭তম বারের মতো দেড় শ রানের বেশি স্কোর করলেন, যা টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। এ তালিকায় তার ওপরে শচীন টেন্ডুলকার (২০), ব্রায়ান লারা (১৯) ও কুমার সাঙ্গাকারা (১৯)। তথ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
সিডনির এই শতকের পর টেস্টে রুটের রান প্রায় ১৪ হাজারের কাছাকাছি। শচীন তার ২৪ বছরের টেস্ট ক্যারিয়ারে ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান করেছিলেন। বর্তমানে রুটের সঙ্গে তার ব্যবধান নেমে এসেছে দুই হাজারেরও কম রানে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: