[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশকে সুপার এইটে দেখছেন সাবেক লঙ্কান তারকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম

আর মাত্র এক মাস পরেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি ও বর্তমান বিপিএলের ধারাভাষ্যকার পারভেজ মাহারুফ। ভারসাম্যপূর্ণ দল এবং উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় টাইগারদের অন্তত দ্বিতীয় রাউন্ড বা ‘সুপার এইট’ নিশ্চিত দেখছেন তিনি।

গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে মাহারুফ বলেন,‘আমি দেখছি বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে। তাদের দলের সব বিভাগই গোছানো। যেহেতু খেলা হবে উপমহাদেশে, তাই এটি তাদের জন্য বড় সুবিধা।’ দলের ভারসাম্য নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি জানান, ৭ জন বিশেষজ্ঞ ব্যাটার, ৩ জন স্পিনার ও ৪ জন পেসারের পাশাপাশি রিশাদ হোসেন ও শেখ মেহেদীর মতো কার্যকর অলরাউন্ডার থাকায় বাংলাদেশ এখন বেশ শক্তিশালী। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর ফর্ম এবং সাইফ হাসানের পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি।

সূচি অনুযায়ী ভারতের কলকাতায় বাংলাদেশের তিনটি ম্যাচ রয়েছে। সেখানকার উইকেট ও মাঠের আকার বাংলাদেশের ব্যাটিংয়ের অনুকূলে থাকবে বলে মনে করেন মাহারুফ। তিনি বলেন,‘কলকাতার পিচ ভালো এবং মাঠ খুব বেশি বড় নয়। তবে বিশ্বকাপে শুরুটা খুব জরুরি। প্রথম ম্যাচে মোমেন্টাম পেয়ে গেলে বাংলাদেশকে হারানো কঠিন হবে। তাদের বড় কোনো অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে।’

সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বিসিবি ও বিসিসিআই-এর মধ্যে তৈরি হওয়া টানাপোড়েন এবং ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে মাহারুফ বলেন,‘বিসিবি তাদের অবস্থান স্পষ্ট করেছে। এখন আইসিসিকে সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু তিন সপ্তাহ আগেই সূচি দেয়া হয়েছে, তাই শেষ মুহূর্তে পরিবর্তন করা আইসিসির জন্য কঠিন চ্যালেঞ্জ।’ তবে ব্যক্তিগতভাবে বাংলাদেশে এসে তিনি নিরাপত্তা ও আতিথেয়তায় বেশ সন্তুষ্ট বলে জানান।

উল্লেখ্য, হাইব্রিড মডেলে পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। বাংলাদেশও যদি নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তবে আসন্ন আইসিসি সভায় ভেন্যু নিয়ে বড় কোনো পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর