[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএলে ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিলো সিলেট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ মিঠুনের দলকে ২০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের সিলেট টাইটান্স। আজ (৮ জানুয়ারি) সিলেটে অনুষ্ঠিত এই ম্যাচে লড়াকু পুঁজি সংগ্রহের পর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। এটি সিলেটের আট ম্যাচে চতুর্থ জয়, বিপরীতে ছয় ম্যাচে ঢাকার এটি চতুর্থ হার।

টস হেরে আগে ব্যাটিং করতে নামা সিলেটের ইনিংসের দৃশ্যপট বদলে দেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ১৮ ওভার শেষে দলটির সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৩৫ রান। তবে ১৯তম ওভারে নাসির হোসেনের ওপর রীতিমতো তাণ্ডব চালান মঈন।

সেই ওভারে তিন ছক্কা ও দুই চারে তিনি তোলেন ২৮ রান। মাত্র ৮ বলে ২৮ রানের এই ঝোড়ো ক্যামিওতে ভর করেই ১৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় সিলেট। এ ছাড়া আরিফুল হক ৩৮, আজমতউল্লাহ ওমরজাই ৩৩ ও পারভেজ ইমন ৩২ রান করেন। ঢাকার হয়ে জিয়াউর রহমান ৩৫ রানে ৩টি উইকেট নেন।

১৮১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকাকে দুর্দান্ত সূচনা এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও আবদুল্লাহ আল মামুন। উদ্বোধনী জুটিতে মাত্র ৩৫ বলে ৫৬ রান তোলেন তারা। তবে মামুন ২৪ ও নাসির হোসেন ৩ রানে ফেরার পর পথ হারায় ঢাকা। ব্রুকসের এক অবিশ্বাস্য ক্যাচে শামীম পাটোয়ারী (১) সাজঘরে ফিরলে বিপদে পড়ে দলটি। ওপেনার গুরবাজ ৪৪ বলে ৫১ রান করে আউট হওয়ার পরই ঢাকার পরাজয় কার্যত নিশ্চিত হয়ে যায়।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন (৭) ও ইমাদ ওয়াসিম (১২) আজ দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছেন। ১০৯ রানে ৫ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬০ রানেই থামে ঢাকার ইনিংস। শেষদিকে সাব্বির রহমানের ২৫ রান কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। সিলেটের হয়ে সালমান ইরশাদ ৩টি এবং মঈন আলি ২টি উইকেট শিকার করেন।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর