বাবা-ছেলের নৈপুণ্যে নোয়াখালীর টানা দ্বিতীয় জয়
ব্যাট হাতে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ৯২ রানের দুর্দান্ত রানের ইনিংস খেলেছেন ছেলে হাসান ইশাখিল। দারুণ সঙ্গ দিয়েছেন বাবা মোহাম্মদ নবিও। পরে বল হাতেও দারুণ নৈপুণ্য দেখান আফগান এই অলরাউন্ডার। তাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ রানের দারুণ জয় পেল নোয়াখালী। প্রথম ৬ ম্যাচে হার দেখা দলটির এটি টানা দ্বিতীয় জয়।
আজ রোববার সন্ধ্যায় নোয়াখালী ও ঢাকার ম্যাচটিতে নবি আর হাসানের কারণেই অন্য আবহ ছিল। ১৯ বছরের হাসানকে অভিষেকের ক্যাপ নবিই পরিয়ে দেন। বাবা-ছেলের একসঙ্গে বিপিএলে প্রথম ম্যাচটি স্মরণীয়ই হয়ে থাকল।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৮৪ রান করা নোয়াখালীর বিপক্ষে নির্ধারিত ২০ ওভারের ১০ বল আগে ১৪৩ রানে গুটিয়ে যায় ঢাকা। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ২ উইকেট নেন নবি। সমান উইকেট শিকার করেন হাসান মাহমুদ, ইহসানুল্লাহ আর মেহেদি হাসান রানাও। ঢাকার হয়ে সর্বোচ্চ ২০ বলে ৩৪ রান করেন সাইফউদ্দিন।
এর আগে, সিলেটে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নোয়াখালী। সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নামেন হাসান। উদ্বোধনী জুটিতেই ১০১ রান যোগ করেন তারা। এই দুজন খরচ করেন মাত্র ৫৬ বল। ২৫ বলে ৪৮ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন সৌম্য।
তিন ও চার নম্বরে ব্যাটিংয়ে নামা শাহাদাত হোসাইন ও হাবিবুর রহমান সোহান ছিলেন ব্যর্থ। তাতে ১১৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে নোয়াখালী। এরপর ছেলে হাসানের সঙ্গে নোয়াখালীর হাল ধরেন নবি। একটা পর্যায়ে ছেলের সেঞ্চুরি মাঠে দেখার প্রেক্ষাপট তৈরি হয় নবির জন্য। ১৮তম ওভারের শেষ বলে নবি যখন আউট হন তখন সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে হাসান। ১৩ বলে ১৭ রান করেন নবি। পরের ওভারের দ্বিতীয় বলে অবশ্য আউট হয়ে যান হাসানও। সেঞ্চুরি করতে না পারলেও ৬০ বলে করেছেন নান্দনিক ৯২ রান। তাতে ১৮৪ রানের লড়াকু পুঁজি গড়ে নোয়াখালী।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: