[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতের ভিসা পাননি পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র তিন সপ্তাহ। আগামী ৭ ফেব্রুয়ারি স্বাগতিক ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা ইভেন্টের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় সংকটে পড়েছে মার্কিন ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের প্রাথমিক স্কোয়াডে থাকা চার পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ওয়ান ক্রিকেট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভিসা না পাওয়া চার ক্রিকেটার হলেন—অভিজ্ঞ পেসার আলী খান, উইকেটরক্ষক-ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল এবং লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। এদের মধ্যে আলী খান যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বোলিং অস্ত্র, যিনি এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতাও সম্পন্ন করেছেন। আলী খান নিজেই তার ইনস্টাগ্রাম পোস্টে ভিসা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, যা যুক্তরাষ্ট্র দলের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই চার ক্রিকেটারের ভিসা জটিলতা অন্য দলগুলোর জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতে প্রবেশের অনুমতি না দেয়া হলে জিম্বাবুয়ে, ইতালি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলোও বিপাকে পড়বে। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা স্বয়ং পাকিস্তানি বংশোদ্ভূত। এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া ইতালি এবং নিয়মিত নেদারল্যান্ডস দলেও রয়েছেন বেশ কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত তারকা।

এই স্পর্শকাতর ইস্যুতে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী, আইসিসি ইভেন্টের জন্য অংশগ্রহণকারী প্রতিটি দেশের খেলোয়াড়দের ভিসা নিশ্চিত করা আয়োজক দেশের দায়িত্ব।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর