চট্টগ্রামকে শীর্ষে তুললেন মেহেদী, বিদায় নোয়াখালীর
ইহসানউল্লাহর অফস্টাম্পের বাইরের বল টেনে মিড উইকেট বাউন্ডারির ওপর দিয়ে পাঠালেন শেখ মেহেদী হাসান, ছক্কা। আর এই ছক্কাতেই জয় নিশ্চিত হলো চট্টগ্রাম রয়্যালসের। নোয়াখালী এক্সপ্রেসের ১২৬ রানের লক্ষ্য ১৮ বল ও ৫ উইকেট হাতে রেখে পূরণ করে টেবিলের শীর্ষে উঠে গেছে মেহেদীর দল। একই সঙ্গে বিপিএলের চলতি আসরের লিগ পর্ব থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিশ্চিত হয়েছে নোয়াখালীর।
শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ৫ উইকেটে হারায় চট্টগ্রাম রয়্যালস। ১২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। অধিনায়ক শেখ মেহেদী হাসানের অপরাজিত ৪৯ রানের ইনিংসেই মূলত সহজ হয়ে যায় চট্টগ্রামের পথচলা।
এই জয়ে টেবিলের শীর্ষে উঠে প্রথম কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা আরও দৃঢ় করেছে চট্টগ্রাম। অন্যদিকে টানা ছয় হারে আগেই কঠিন অবস্থায় পড়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস দুই জয়ে যে ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছিল, সেটিও শেষ হয়ে গেল এই হারে। যদিও দলটির এখনও একটি ম্যাচ বাকি রয়েছে।
ছোট লক্ষ্য নিয়েও শুরুতে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল নোয়াখালী। মাত্র ২৯ রানের মধ্যে চট্টগ্রামের চার উইকেট তুলে নেয় তারা। রানের খাতা খোলার আগেই হাসান মাহমুদের বলে আউট হন মাহমুদুল হাসান জয়। এরপর ইহসানউল্লাহ ফেরান মোহাম্মদ হারিস (৭) ও মাহফুজুল ইসলামকে (০)। আগ্রাসী ব্যাটিং করা মোহাম্মদ নাঈমকেও থামান সাব্বির হোসেন, ১৮ রানে শেষ হয় তার ইনিংস।
এরপর অধিনায়ক শেখ মেহেদী হাসান ও হাসান নাওয়াজ পঞ্চম উইকেটে ৩০ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন। ১৪ বলে ১১ রান করে নাওয়াজ ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মেহেদী। আসিফ আলীর সঙ্গে ৫৯ রানের জুটিতে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন মেহেদী। ৩০ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন আসিফ আলী।
নোয়াখালীর পক্ষে ইহসানউল্লাহ ২৩ রান খরচায় সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ, সাব্বির হোসেন ও জহির খান।
এর আগে প্রথমে ব্যাট করে শরিফুল ইসলামের ক্যারিয়ারসেরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি নোয়াখালী এক্সপ্রেস। ১৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে তারা। ৩.৫ ওভারে ৯ রান খরচায় ৫ উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া ১২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন শেখ মেহেদী হাসান।
নোয়াখালীর ব্যাটারদের মধ্যে হাসান ইসাখিল সর্বোচ্চ ২৫ রান করেন। জাকের আলী করেন ২৩ রান, সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে ২২ রান।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: