অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
আজ ভারতকে হারিয়ে মিশন শুরু করতে চায় বাংলাদেশ
বৃহস্পতিবার শুরু হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নতুন সংস্করণ। বাংলাদেশের প্রথম ম্যাচ দুই দিন পর অর্থাৎ শনিবার। বুলাওয়ায়োতে দুপুর দেড়টায় ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে পথচলা শুরু করবেন আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরাররা। এই ম্যাচটি জয়ের ব্যাপারে আশাবাদী দলের কোচ-নির্বাচক।
বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের যুবারা। তবে দুই ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। তাই ব্যাটিং-বোলিং ঠিকঠাক ঝালিয়ে নিতে পারেনি তারা। এটিকে অবশ্য বড় সমস্যা হিসেবে দেখতে চান না দলের প্রধান কোচ নাভিদ নাওয়াজ।
বিসিবির সরবরাহকৃত ভিডিওবার্তায় ম্যাচের আগে শেষ মুহূর্তে দলের অবস্থা জানান শ্রীলঙ্কান এই কোচ।
“আমরা দুটি অনুশীলন ম্যাচ খেলেছি। দুর্ভাগ্যজনকভাবে বৃষ্টি আমাদের প্রস্তুতিতে কিছুটা বাধা দিয়েছে। তবে আমি মনে করি না যে, প্রথমে কার সঙ্গে খেলছি, সেটি খুব একটা গুরুত্বপূর্ণ। এজন্যই অনুশীলন ম্যাচগুলো থাকে- যাতে আমরা মানিয়ে নিতে পারি। আমরা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি চিন্তিত নই।”
সার্বিকভাবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব ভালো নয়। এখন পর্যন্ত দুই দল ২৮টি যুব ওয়ানডে খেলেছে। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র ৬টি। আর ভারত জিতেছে ২১ ম্যাচ। ফল আসেনি অন্যটিতে।
যুব বিশ্বকাপের হিসেব ধরা হলে মুখোমুখি ৭ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় মাত্র ২টি। ২০২২ সালের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ ও ২০২৪ সালের টুর্নামেন্টে ভারতের কাছে হেরেছিল তারা।
এ কারণেই হয়তো নিজেদের সরাসরি ফেবারিট দাবি না করে প্রতিপক্ষ দলের জন্য যথেষ্ট সম্মান দিয়েই কথা বললেন নাভিদ নাওয়াজ।
“যেদিন যে দল ভালো খেলবে, তারই জেতার সম্ভাবনা বেশি- কারণ এখানে দুইটি ভালো দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভারত একটি ভালো দল, আমাদেরও একটি ভালো দল আছে। তাই দেখা যাক। আমরা প্রক্রিয়ার ওপরই মনোযোগ রাখার চেষ্টা করছি।”
“যদি আমাদের খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে জেতার সুযোগ থাকবে। বলা কঠিন, তবে আমরা পরিকল্পনায় লেগে থাকতে চাই এবং দেখব মাঠে ছেলেরা কীভাবে খেলাটা তুলে ধরে। শেষ পর্যন্ত যে দল ভালো খেলবে, তারাই জিতবে।”
তবে বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে সবশেষ দুটি এশিয়া কাপের ফল। ২০২৩ ও ২০২৪ সালের যুব এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততে পারেনি ভারত।
তাই দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সেজানের ভাষ্য আরও জোরাল। তার আশা, ভারতের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ।
“ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ এফোর্ট দেয়... ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। ওই ক্রিকেটাররাই এই বিশ্বকাপের দলে খেলছে। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জেতার জন্য।”
ভারত ম্যাচের পর 'বি' গ্রুপে বাংলাদেশের খেলতে হবে নিউ জিল্যান্ড (২০ জানুয়ারি) ও যুক্তরাষ্ট্রের যুব দলের (২৩ জানুয়ারি) বিপক্ষে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল পাবে সুপার এইটের টিকেট। তাই জয় দিয়ে পথচলা শুরু গুরুত্বপূর্ণ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: