[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আকবর-মুশফিকের ব্যাটে রাজশাহীর টানা চার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

প্রথম রাউন্ডের শেষটা দারুণভাবেই করল রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার সন্ধ্যার ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারাল তারা। মাত্র ১২৬ রানের লক্ষ্য ছুঁতে অবশ্য শেষ ওভার পর্যন্ত খেলতে হয় তাদের।

এ নিয়ে টানা চার ম্যাচ জিতল রাজশাহী। সব মিলিয়ে প্রথম রাউন্ডের ১০ ম্যাচের ৮টি জিতে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকা করে ফেলল তারা। অর্থাৎ এক নম্বরে থেকেই প্লে-অফ শুরু করবে রাজশাহী। অন্য দিকে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় চট্টগ্রাম। এক পর্যায়ে ১৩ ওভারের মধ্যে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে তারা। সেখান থেকে আসিফ আলি ২৪ বলে ৩৯ করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন হাসান নাওয়াজ।

বল হাতে আগুন ঝরান রাজশাহীর তানজিম হাসান সাকিব। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার। এছাড়া জাহান্দাদ খান ও রায়ান বার্লের শিকার ২টি করে উইকেট।

রান তাড়ায় রাজশাহীর শুরুটা ছিল বেশ বাজে। ৭ ওভারের মধ্যে মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। পরে আকবর আলি ও মুশফিকুর রহিম মিলে ৬৬ বলে ৮৪ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান।

তবে দুজনের কেউই ফিফটি করতে পারেননি। ১ চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৪৮ রান করে আউট হন আকবর। আর ৩ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান মুশফিকুর।

আগের দিন ৫ উইকেট নেওয়া শরিফুল ইসলাম এদিন ১৩ রানে নেন ৩ উইকেট। সব মিলিয়ে এখন পর্যন্ত ২১ উইকেট নিয়ে সবার ওপরে বাঁহাতি এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম রয়্যালস: ১৯.৫ ওভারে ১২৫ (হারিস ১৬, নাইম ০, জয় ১৯, রবিন ১০, নাওয়াজ ১৮, মেহেদি ১, আসিফ ৩৯, জামাল ১, রনি ৭, শহিদুল ৩*, সানি ২; নিশাম ৩-০-১৬-১, জাহান্দাদ ৩.৫-০-২৯-২, সাকিব ৪-১-১৭-৪, সাকলাইন ৪-০-১৬-০, মুরাদ ৩-০-২৬-১, বার্ল ২-০-১৫-২)

রাজশাহী ওয়ারিয়র্স: ১৯.৩ ওভারে ১২৬/৭ (সাহিবজাদা ৭, তামিম ৮, শান্ত ৩, মুশফিক ৪৬*, নিশাম ৩, আকবর ৪৮, বার্ল ০, সাকিব ২, জাহান্দাদ ৫*; শরিফুল ৪-০-১৩-৩, রনি ৪-০-২৫-১, জামাল ৪-০-২২-০, মেহেদি ৪-০-৪০-২, সানি ৩.৩-০-২৩-০)

ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৩ উইকেটে জয়ী

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর