আরও এক ইংলিশ তারকাকে দলে ভেড়াল সিলেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফ খেলা নিশ্চিত হয়েছে সিলেট টাইটানসের। প্লে-অফের প্রাক্কালে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের তারকা উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংসকে।
সিলেট দলই পরিণত হয়েছে ‘মিনি ইংল্যান্ডে’। এই দলে আগে থেকেই আছেন মঈন আলী, ক্রিস ওকসের মতো পরীক্ষিত অলরাউন্ডাররা। দলে আছেন ইথান ব্রুকসের মতো পারফর্মাররাও।
বিপিএলের আগে অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে ব্যস্ত ছিলেন বিলিংস। সেখানে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন তিনি। যদিও থান্ডার একদমই ভালো করতে পারছে না চলতি মৌসুমে। ১০ ম্যাচে মাত্র ২ জয় পেয়ে বিদায় নিয়েছে তারা। এই সুযোগে বিলিংসও সুযোগ পেয়ে গেছেন বিপিএলের প্লে-অফে খেলার।
সিলেট টাইটান্স ইতোমধ্যে লিগ পর্বের সব ম্যাচ খেলে ফেলেছে। ১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয় নিয়ে ১০ পয়েন্ট তাদের। তবে লড়তে হবে এলিমিনেটরে। আগামী ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় কোয়ালিফায়ারে ঠাই পাওয়ার লক্ষ্যে মাঠে নামবে তারা।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বিলিংস। যেখানে ২ ফিফটিতে করেছেন ৪৭৮ রান। যদিও গড় ও স্ট্রাইকরেট খুব একটা ভালো নয়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: