[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আফগানিস্তানের কাছে পাত্তা পেল না ও. ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬ ০৮:০১ এএম

টি-টোয়েন্টি ক্রিকেটের উপযোগী ক্রিকেটারে ভরা থাকলেও আফগানিস্তানের কাছে পাত্তা পেল না ওয়েস্ট ইন্ডিজ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ক্যারিবিয়ানদের ৩৮ রানে পরাজিত করেছে আফগানরা।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান, যা শেষ পর্যন্ত দলের জন্য সঠিক প্রমাণিত হয়। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ৩ উইকেটে সংগ্রহ করে শক্তিশালী ১৮১ রান।

ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি আফগানদের। মাত্র ১৯ রানের মধ্যেই প্রথম তিন ওভারে দুই উইকেট হারায় তারা। এরপর ইব্রাহিম জাদরানের সঙ্গে ক্রিজে যোগ দেন দারবিশ রাসোলি। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়ে তোলেন ১৬২ রানের দুর্দান্ত জুটি, যা ম্যাচের গতিপথ পুরোপুরি পাল্টে দেয়। দুজনই তুলে নেন অর্ধশতক।

ইব্রাহিম জাদরান অপরাজিত থেকে ইনিংস শেষ করেন। তিনি ৫৬ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কায় করেন সর্বোচ্চ ৮৭ রান। অন্যদিকে দারবিশ রাসোলি ৫৯ বলে ৮৪ রান করেন, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাথিউ ফোর্ড ও জেডেন সিলস একটি করে উইকেট নেন।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে তারা ৯ উইকেটে তুলতে পারে মাত্র ১৪৩ রান। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডার ব্যাটার কুইন্টন স্যাম্পসন ২৪ বলে ৩০ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া গুদাকেশ মোটে (২৮), জনসন চার্লস (২৭) ও ম্যাথিউ ফোর্ড (২৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

আফগানিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন জিয়াউর রহমান। তিনি শিকার করেন ৩টি উইকেট। তাকে দারুণ সহায়তা করেন রশিদ খান, নূর আহমেদ ও মুজিব উর রহমান। তিনজনই দুটি করে উইকেট নেন।

ব্যাট হাতে ঝোড়ো ইনিংসের পাশাপাশি তিনটি ক্যাচ নেওয়ায় ম্যাচসেরা নির্বাচিত করা হন দারবিশ রাসোলি।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর