[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ও ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী মদন লাল দাবি করেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনে বাংলাদেশকে উসকানি দিচ্ছে পাকিস্তান এবং ভারতকে ‘চাপে ফেলতে’ দুই দেশ একযোগে কাজ করছে। প্রতিবেদন ইন্ডিয়া টুডের।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়, তারা আইসিসির এই বৈশ্বিক আসর বর্জন করবে এবং ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে দল পাঠাবে না।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ তাদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই দাবি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। এরপরই টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

ইন্ডিয়া টুডেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মদন লাল বলেন, বাংলাদেশের এই সিদ্ধান্ত ‘অবিবেচনাপ্রসূত ও বোকামি’। ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই সাবেক অলরাউন্ডার জানান, এমন একটি বড় টুর্নামেন্টে অংশ না নিলে বাংলাদেশকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

মদন লাল বলেন, ‘আমি একে (বাংলাদেশের বিশ্বকাপে না যাওয়া) বোকামি বলব। কারণ এতে ভারতের কোনো ক্ষতি হবে না। বরং বাংলাদেশই সবকিছু হারাবে। বাণিজ্যিক দিক থেকে এমন বড় টুর্নামেন্টে অংশ না নিলে বাংলাদেশের বিশাল ক্ষতি হবে। আমার মনে হয়, পাকিস্তানই বাংলাদেশকে এই টুর্নামেন্টে না খেলতে উসকানি দিচ্ছে। তাদের উদ্দেশ্য শুধু ভারতকে দুর্বল করা।’

সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ প্রসঙ্গে মদন লাল জানান, দুটি শহরই নিরাপদ।

তিনি আরও বলেন, ‘মুম্বাই ভারতের অন্যতম নিরাপদ শহর। এতে ভারতীয় বোর্ডের কোনো ক্ষতি হবে না। আমার মতে, পুরো বিষয়টিই রাজনৈতিক। পাকিস্তান ও বাংলাদেশ এখানে সক্রিয় ভূমিকা রাখছে, কারণ তারা ভারতকে বিব্রত করতে চায়।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর