যে কারণে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদল করেনি আয়ারল্যান্ড
নিরাপত্তা শঙ্কা এবং ভেন্যু জটিলতাকে কেন্দ্র করে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শেষ পর্যন্ত বাদ পড়ল বাংলাদেশ।
ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনীহা এবং গ্রুপ পরিবর্তনের প্রস্তাব আইসিসি গ্রহণ না করায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি আইসিসিকে একাধিক মেইল পাঠিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল। বাংলাদেশের প্রস্তাব ছিল হয় ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরানো হোক, অথবা তাদের গ্রুপ পরিবর্তন করে ‘বি’ গ্রুপে স্থানান্তর করা হোক।
কেননা, ‘বি’ গ্রুপের সব ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলো বাংলাদেশের এই দাবি নাকচ করে দেয়। বিশেষ করে আয়ারল্যান্ড এবং আয়োজক শ্রীলঙ্কা বোর্ড সভায় বাংলাদেশকে তাদের গ্রুপে নিতে অসম্মতি জানায়।
গ্রুপ বদল করতে না চাওয়ার ব্যাখ্যায় আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, তারা দীর্ঘদিনের পরিকল্পনা ও নির্দিষ্ট কন্ডিশন মাথায় রেখে প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, তারা বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন এবং নির্দিষ্ট প্রতিপক্ষ ও কন্ডিশন সামলানোর ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মুহূর্তে সূচি পরিবর্তন করে নিজেদের গেম প্ল্যান নষ্ট করতে চায়নি আইরিশরা।
উল্লেখ্য, ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ড ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান এবং জিম্বাবুয়ে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: