[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৬:০১ এএম

কিংবদন্তি ক্রিকেটার অ্যালিসা হিলির অবসরের পর অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিন সংস্করণেই দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সোফি মলিনিউ।

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হচ্ছে মলিনিউয়ের নেতৃত্বের নতুন অধ্যায়। হিলির উত্তরসূরি হিসেবে সম্ভাব্য তালিকায় তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশ গার্ডনারের নাম জোরালোভাবে শোনা গেলেও শেষ পর্যন্ত নির্বাচকরা আস্থা রেখেছেন মলিনিউয়ের ওপর। সহ-অধিনায়ক হিসেবে আগের মতোই দায়িত্ব পালন করবেন তাহলিয়া ম্যাকগ্রা এবং দ্বিতীয় সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাশ গার্ডনারকে।

উল্লেখ্য, এর আগে জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে সফল অধিনায়ক হিসেবে মলিনিউয়ের সুখ্যাতি রয়েছে। ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে যাত্রা শুরু করার পর আগামী মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে তার পূর্ণাঙ্গ অভিষেক হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র চার মাস আগে এই পরিবর্তনকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দায়িত্ব পাওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে সোফি মলিনিউ বলেন,‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া সত্যিই বড় সম্মানের। বিশেষ করে অ্যালিসার মতো একজনের জায়গায় আসতে পারাটা আমার জন্য গর্বের, দল ও পুরো ক্রিকেট বিশ্বে যার প্রভাব ছিল অসাধারণ।’

তিনি আরও যোগ করেন যে, দলে অনেক সহজাত নেতা এবং দারুণ সব তরুণ প্রতিভা রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে দলটিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তিনি মুখিয়ে আছেন। নিজের ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নতুন এই অধিনায়ক।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর