[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ঘোষিত এই দলে ডাক পেয়েছেন শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতে জন্ম নেয়া ক্রিকেটাররা। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের নেতৃত্বে ঘোষিত দলে রয়েছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ১০ জন ক্রিকেটার। ওই আসরে প্রথমবার অংশ নিয়েই সুপার এইট পর্বে উঠে নজর কেড়েছিল যুক্তরাষ্ট্র। খবর জিও সুপারের।

যুক্তরাষ্ট্রের দলে সবচেয়ে বড় চমক শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কার হয়ে ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

দলে আছেন পাকিস্তানের পেশোয়ারে জন্ম নেয়া ২৯ বছর বয়সী লেগ স্পিন অলরাউন্ডার মোহাম্মদ মহসিন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। ভারতের পুনেতে জন্ম নেয়া শুভম রঞ্জনেও আছেন যুক্তরাষ্ট্রের স্কোয়াডে। তিনি যুক্তরাষ্ট্রের হয়ে ৪টি ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। তিনি ভারতের হয়ে ১৯৫৮ থেকে ১৯৬৪ সালের মধ্যে ৭টি টেস্ট খেলা বসন্ত রঞ্জনের নাতি।

অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের পাশাপাশি ২০২৪ সালের দল থেকে ফিরেছেন জেসি সিং, অ্যান্ড্রিস গাউস, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, হারমিত সিং, নোস্থুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কাল্কউইক, সৌরভ নেত্রাভালকার ও আলি খান। উইকেটকিপার-ব্যাটার অ্যান্ড্রিস গাউস ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ২১৯ রান করেছিলেন। অন্যদিকে, পেসার সৌরভ নেত্রাভালকার বল হাতে ছিলেন দলের সেরা, টুর্নামেন্টে সর্বোচ্চ ছয় উইকেট শিকার করেন তিনি।

গ্রুপ ‘এ’-তে থাকা যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়ার। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জেসি সিং, অ্যান্ড্রিস গাউস, শেহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নোস্থুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান স্কাল্কউইক, সৌরভ নেত্রাভালকার, আলি খান, মোহাম্মদ মহসিন ও শুভম রঞ্জনে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর