ক্রিকেটে ‘ডাক’-এর যত গল্প
আচ্ছা, ক্রিকেটে যখন কোনো ব্যাটসম্যান শূন্য রানে আউট হন; তখন তাকে ডাক বলে কেন? এমন প্রশ্ন কী কখনও মাথায় আসে না? তবে ক্রিকেটে শূন্য রান মানেই যে শুধু একটা সংখ্যা নয়; বরং ব্যাটসম্যানদের জন্য এটি একটি বিব্রতকর ব্যাপার। এ নিয়ে অবশ্য গল্পও রয়েছে।
একজন ব্যাটসম্যান ক্রিজে আসলেন, ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই আউট হলেন। ব্যস, তাতেই বলা হলো যে ব্যাটসম্যান ডাক মেরেছেন। তবে এই শূন্য রানে আউট হলে ডাক কেন বলা হয়, এমনও তো বলা যেতো যে, ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন।
সে যাই হোক, ডাক শব্দটা কীভাবে এলো সেই গল্পটাই এবার জেনে নেয়া যাক। তবে তেমন কিছু না, এই শব্দের উৎপত্তি নিয়ে নানা মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি অবশ্য খুবই মজার। সখ্যায় শূন্য (০) দেখতে অনেকটাই হাঁসের ডিমের মতো। তাই ব্যাট হাতে নামা কোনো ব্যাটসম্যান যখন রানের খাতা খোলার আগেই আউট হন, তখন সেই শূন্যকে কিছুটা রসিকতার ছলেই বলা হলো ‘ডাক’। আর সেটিই এখন প্রচলিত একটি শব্দ।
শূন্য রানে আউট হলে বলা হয় ডাক, তবে এই ডাকেরও কিছু ক্যাটাগরি আছে। যেমন, যখন কোনো ব্যাটসম্যান একটিও বল না খেলে আউট হন, সেটিকে বলা হয় ডায়মন্ড ডাক। যেমন ধরুন, কোনো ব্যাটসম্যান ক্রিজে আসলেন; তবে নন স্ট্রাইকে। তখন সে স্ট্রাইকে যাওয়ার আগেই রান আউট হয়ে গেলেন। তখন তাকে বলা হয় ডায়মন্ড ডাক। আবার ধরুন, কোনো ব্যাটসম্যান উইকেটে আসতে বেশ সময় ব্যয় করলেন, তখন তিনি কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে যান। এমন ঘটনা অবশ্য একবারই দেখা গিয়েছিল, ২০২৩ বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুস টাইমড আউট হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই প্রথম ডায়মন্ড ডাক।
এবার আসা যাক গোল্ডেন ডাকের আলোচনায়। যখন কোনো ব্যাটসম্যান তার ইনিংসের প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান, তখন তাকে বলা হয় গোল্ডেন ডাক। এরপর আছে সিলভার ডাক। যখন কোনো ব্যাটসম্যান দ্বিতীয় বলে শূন্য রানে আউট হন, তখন তাকে বলা হয় সিলভার ডাক। যদি কোনো ব্যাটসম্যান তার ইনিংসের তৃতীয় বলে কোনো রান না করেই আউট হন, তখন তাকে বলা হয় ব্রোঞ্জ ডাক।
রয়্যাল ডাক— এটি শুধু ওপেনিং ব্যাটসম্যানদের ক্ষেত্রে প্রযোজ্য। আর রয়্যাল ডাকের আরেকটি নাম হলো প্লাটিনাম ডাক। যখন কোনো ওপেনার ম্যাচের একেবারে প্রথম বলেই শূন্য রানে আউট হয়, তখন সেটিকে বলা হয় রয়্যাল বা প্লাটিনাম ডাক।
লাফিং ডাক— বেশিরভাগ টেল এন্ডার ব্যাটাররা এ ধরনের আউট হয়ে থাকেন। যদি কোনো ব্যাটসম্যান দলের ইনিংসের শেষ বলে শূন্য রানে আউট হন, তখন সেটিকে বলা হয় লাফিং ডাক।
কোনো ব্যাটসম্যান যদি একটি টেস্ট ম্যাচের দুই ইনিংসেই শূন্য রানে আউট হন, তখন তাকে বলা হয় পেয়ার আউট। আর এটি শুধু টেস্ট ক্রিকেটেই দেখা যায়। তবে এক্ষেত্রে ব্যাটসম্যান কত বল খেললেন, সেটি অবশ্য দেখা হয় না। আবার যদি কোনো ব্যাটসম্যান দুই ইনিংসেই প্রথম বলে শূন্য রানে আউট হন, তখন সেটিকে বলা হয় কিং পেয়ার আউট।
যদি কোনো ব্যাটসম্যান ইনিংসের একেবারে প্রথম ডেলিভারি মোকাবিলা না করেই আউট হন, সেটিকে বলা হয় টাইটানিয়াম ডাক। আর যদি কোনো ব্যাটসম্যান নতুন মৌসুমের প্রথম ম্যাচে তার খেলা প্রথম বলেই শূন্য রানে আউট হন, তাহলে সেটিকে বলা গোল্ডেন গুজ ডাক।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: