[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার যারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬ ১২:০১ পিএম

আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টিকে সাধারণত ধরা হয় তরুণদের ফরম্যাট হিসেবে। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞতার ওপর বড় ভরসা রাখছে অনেক দল। টুর্নামেন্টের দশম আসরে তরুণ তারকাদের পাশাপাশি বেশ কয়েকজন প্রবীণ ক্রিকেটারও নিজেদের মেলে ধরতে প্রস্তুত।

গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা আগের আসরগুলোতেই প্রমাণিত হয়েছে। সে কারণেই বিভিন্ন দল স্কোয়াডে রেখেছে দক্ষতায় অটুট এমন ক্রিকেটারদের। নিচে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবচেয়ে বয়স্ক ৫ ক্রিকেটারের তালিকা তুলে ধরা হলো—

(১) মোহাম্মদ নাদিম (ওমান) : সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে এই তালিকার শীর্ষে রয়েছেন ওমানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাদিম। ৪৩ বছর বয়সী এই অলরাউন্ডার ওমান দলের অন্যতম অভিজ্ঞ মুখ। ব্যাট ও বল হাতে সমান অবদান রেখে দীর্ঘদিন ধরে ওমান ক্রিকেটকে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। ৭০ টি-টোয়েন্টিতে ৭৬৮ রান ও ৪০ উইকেট শিকার করেছেন তিনি।

(২) ওয়েন ম্যাডসেন (ইতালি): দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ইতালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ না খেলেননি। তবে ৪২ বছর বয়সী এই ব্যাটারের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ ইতালির জন্য বড় সম্পদ। সাম্প্রতিক সিরিজে তার ব্যাটিং পারফরম্যান্স ইতোমধ্যেই নজর কেড়েছে। ইতালির হয়ে ৭ ম্যাচে ২টি ফিফটিতে ২০৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

(৩) রুলফ ফন ডার মার্ভে (নেদারল্যান্ডস): দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস—দুটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অলরাউন্ডার রুলফ ফন ডার মার্ভে ৪১ বছর বয়সেও দারুণ ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে দলকে ভরসা জোগাচ্ছেন। টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৭৪ উইকেট, যা তাকে ডাচ দলের অন্যতম প্রধান বোলিং অস্ত্র হিসেবে গড়ে তুলেছে।

(৪) মোহাম্মদ নবি (আফগানিস্তান): আফগানিস্তানের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকেই নিয়মিত খেলছেন মোহাম্মদ নবি। দেশটির এই কিংবদন্তি অলরাউন্ডার চলতি বছরের ১ জানুয়ারি ৪১ বছরে পা দিয়েছেন। ১৪৭ টি-টোয়েন্টি ম্যাচে ৭ ফিফটিতে ২৪৩০ রান ও ১০৪ উইকেট নিয়ে আফগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত তিনি।

(৫) ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে): দুর্নীতিবিরোধী নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর আবারও বড় মঞ্চে খেলতে যাচ্ছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার ব্রেন্ডন টেলর। বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি তার বয়স হবে ৪০। টি-টোয়েন্টিতে তার রয়েছে ৫৮ ম্যাচে ১১৮৫ রান, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ-সেঞ্চুরি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর