টি-টোয়েন্টি সিরিজে ছক্কার নতুন বিশ্ব রেকর্ড
হালকা চোট কাটিয়ে একাদশে ফিরেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালালেন ইশান কিষান। সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে এই বাঁহাতি ওপেনারের বিধ্বংসী সেঞ্চুরি এবং সূর্যকুমার যাদবের ঝোড়ো ব্যাটিংয়ে ছক্কার বিশ্বরেকর্ড গড়েছে ভারত। কিষানের ৪২ বলের এই খুনে সেঞ্চুরি ভারতকে এনে দিয়েছে বড় সংগ্রহ।
শনিবার (৩১ জানুয়ারি) থিরুভানান্থাপুরামে টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে সাঞ্জু স্যামসনকে হারানোর পর তিন নম্বরে ক্রিজে আসেন কিষান। প্রথম ৫ বলে মাত্র ১ রান করা এই ব্যাটসম্যান লকি ফার্গুসনকে চার ও ছক্কা মেরে হাত খোলা শুরু করেন। ফিফটি পূর্ণ করতে ২৮ বল নিলেও পরের ১৪ বলেই পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। ৪৩ বলে ১০৩ রানের এই ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৬টি চার।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কিষানের এটি প্রথম সেঞ্চুরি এবং ভারতের হয়ে পঞ্চম দ্রুততম শতক। এর আগে এই সংস্করণে তার সর্বোচ্চ রান ছিল ৮৯। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি তার সপ্তম সেঞ্চুরি, যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ।
ইনিংসের দ্বাদশ ওভারে কিষান রুদ্রমূর্তি ধারণ করেন লেগ স্পিনার ইশ সোধির ওপর। সেই ওভারে চারটি চার ও দুটি ছক্কায় তিনি একাই ২৯ রান সংগ্রহ করেন। ১৭তম ওভারে ৯১ রানে থাকা কিষান বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারকে টানা দুই ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন।
যদিও ব্যক্তিগত ১০৩ রানে পরের ওভারেই তিনি সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে সূর্যকুমারের (৩০ বলে ৬০) সঙ্গে তার ১৩৭ রানের বিধ্বংসী জুটি ভারতকে পাহাড়সম সংগ্রহ পেতে সাহায্য করে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই পাঁচ ম্যাচের সিরিজে মোট ৬৯টি ছক্কা মেরেছে ভারত, যা যেকোনো দ্বিপাক্ষিক সিরিজে কোনো দলের হয়ে নতুন বিশ্বরেকর্ড। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৬৪ ছক্কার রেকর্ডটি ছিল সর্বোচ্চ।
এছাড়া এই এক ইনিংসে ২৩টি ছক্কা মেরেছে ভারত, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০২৪ সালে ভারতের বিপক্ষেই দক্ষিণ আফ্রিকা ২৩ ছক্কা হাঁকায়।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: