ভারত ম্যাচ বয়কটে যে শাস্তি পেতে পারে পাকিস্তান, কত ক্ষতি আইসিসির
বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করায় আইসিসির ওপর অনেক আগে থেকেই নাখোশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত দিয়ে আসছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তবে সরকারের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এলেও প্রতিবাদ হিসেবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে পাকিস্তান।
আইসিসির কোনো টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ম্যাচ যাতে একাধিক হয় সেজন্য গ্রুপও তৈরি করা হয় সেভাবে। এবারের বিশ্বকাপ যদি এই দুই দলের খেলা না হয়, তাহলে আর্থিক দিক দিয়ে একটি বড়সড় ধাক্কা খাবে আইসিসি
বয়কটের ব্যাপারে এখনো পর্যন্ত পিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পাঠিয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে পাকিস্তান সত্যিই যদি শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে এর পরিণতি হতে পারে মারাত্মক। আইসিসির সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনকে প্রশ্নবিদ্ধ করে এমন কোনো পদক্ষেপ সংস্থাটি সহজে মেনে নেবে, এমন সম্ভাবনা খুবই কম। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
আইসিসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা কোনো ভুল নজির তৈরি হতে দিতে চায় না এবং শেষ মুহূর্তে এক বা একাধিক বোর্ড যদি তাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, তাহলে সংস্থাটি কঠোর অবস্থান নিতে প্রস্তুত। আইসিসি ঠিক কী ধরনের ব্যবস্থা নিতে পারে, তা এখনো নিশ্চিত নয়। তবে সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে—পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য সদস্য বোর্ডগুলোর খেলোয়াড়দের ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না দিতে বলা, পাকিস্তানকে এশিয়া কাপ থেকে নিষিদ্ধ করা, কিংবা আইসিসির রাজস্ব বণ্টনে পিসিবির অংশ প্রত্যাহার করা।
আসন্ন বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচের মধ্যে মহাদেশীয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয়। ১৫ ফেব্রুয়ারির এই ম্যাচের আর্থিক মূল্যকে আলাদা করে দেখা যায় না। তবুও যদি অর্থনৈতিক দিক থেকে প্রচলিত হিসাব ধরা হয়, তাহলে ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের বাজারমূল্য সাধারণত ১ কোটি থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের কাছাকাছি, অর্থাৎ প্রায় ১০০ কোটি রুপি। ভারত–পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে এই অঙ্ক দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। সে হিসেবে ২০০ কোটির বেশি রুপির ক্ষতি হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: