২০৬ ধাপ এগোলেন মারুফা, জ্যোতি-সোবহানারও বড় লাফ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। বাছাই পর্বে সাত ম্যাচের সবকটি জিতে মূল টুর্নামেন্টে জায়গা করে নেয় বাঘিনীরা। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। বোলারদের মধ্যে বিশাল লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার। ২০৬ ধাপ এগিয়েছেন তিনি। ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর সোবহানা মোস্তারি।
বাছাইপর্বের ম্যাচে থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে উইকেট নেয়া মারুফা নেদারল্যান্ডসের বিপক্ষেও নেন একটি উইকেট। এই পারফরম্যান্সে ২০৬ ধাপ এগিয়ে তিনি আছেন যৌথভাবে ৯২তম স্থানে। আর সবশেষ তিন ম্যাচে পাঁচ উইকেট নেয়া লেগ স্পিনার স্বর্ণা আক্তার এগিয়েছেন ৪৩ ধাপ, আছেন ৭৪তম স্থানে।
নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১০ রান দিয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন তিনি। তার অবস্থান এখন ২৮তম। তালিকায় বাংলাদেশের বোলারদের মধ্যে তার উপরে আছেন কেবল রাবেয়া খান, ১৪ নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হালনাগাদ অনুযায়ী, ১৬ ধাপ এগিয়ে এখন ৩৬তম স্থানে সোবহানা। এটিই তার ক্যারিয়ারের সেরা। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে তার আগের সেরা অবস্থান ছিল ৫২।
বাছাই পর্বে সাত ম্যাচের ৭ ইনিংসে ২৬২ রান করেন সোবহানা। যা এক সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড। বাংলাদেশের আর কোনো ব্যাটার এক সিরিজে বা টুর্নামেন্টে ২০০ রানও করতে পারেননি। থাইল্যান্ডের বিপক্ষে ৫৯ রান করেন তিনি। পরে স্কটল্যান্ড ম্যাচে খেলেন ৪৭ রানের ইনিংস। আর সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৩৩ রান করেন।
সবশেষ দুই ম্যাচেই অপরাজিত ফিফটি করেন জ্যোতি, স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডস ম্যাচে ৫০। তিন ধাপ এগিয়ে তিনি আছেন ১৯তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে জ্যোতিই সবার উপরে। স্কটল্যান্ড ম্যাচে ৩৯ রান করা দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে আগের মতোই সবার উপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি।
টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় ১৭ ধাপ এগিয়েছেন স্বর্ণা। ২৭তম স্থানে তিনি। যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: