[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, পিসিবিকে নতুন বার্তা দিলো আইসিসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ম্যাচ বয়কটের কারণে আইনি জটিলতায় পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সূত্রের বরাতে ভারতের বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে

উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। এরপর নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ জানালেও শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

এই ঘটনায় আইসিসির দ্বিচারিতার অভিযোগ এনে গ্রুপ পর্বে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এ নিয়ে পিসিবি সূত্রের বরাতে পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ না খেলার সিদ্ধান্তে পিসিবির বিরুদ্ধে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে বলে পিসিবিকে সতর্ক করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসি পাকিস্তানের বার্ষিক রাজস্বের পুরো অংশ আটকে রাখতে পারে এবং সেই অর্থ থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণ দিতে পারে। বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী এই রাজস্বের পরিমাণ প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার। পিসিবির সূত্র আরও জানায়, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ডের আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। তবে পিসিবি এখন নাকি গুরুতর শাস্তির জন্য প্রস্তুত।

পিটিআইকে পিসিবির সূত্র বলেন, ‘পাকিস্তান যদি ভারতের বিপক্ষে খেলতে না নামে, তাহলে শুধু আর্থিক জরিমানা বা সম্প্রচারকদের মামলার ঝুঁকিই নয়, আইসিসির ডিসপিউট রেজোল্যুশন কমিটিতে (ডিআরসি) যেকোনো চেষ্টাও ব্যর্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে।’

আইসিসির ডিআরসি একটি অভ্যন্তরীণ কমিটি, যা আইসিসির নিজস্ব বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল শোনে না। নাকভির কর্মকান্ড ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা বোর্ডের সূত্র বলেন, ‘ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে সরকারের নির্দেশ থাকলেও পিসিবি সমস্যায় পড়তে পারে। কারণ, তারা নিজেদের ইচ্ছাতে সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে (শ্রীলঙ্কায়) খেলছে, ভারতে নয়।’

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারত- পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেললেও পাকিস্তানের বিপক্ষে ভারত ম্যাচ খেলেছে জানিয়ে সেই সূত্র আরও বলেন, ‘দ্বিতীয়ত, ভারত সরকার তাদের দলকে পাকিস্তানে খেলার অনুমতি না দিলেও এশিয়া কাপ বা আইসিসি ইভেন্টে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে তাদের কখনোই বাধা দেয়নি, এমনকি গত মে মাসের সংঘাতের পরও।’

আইসিসির সব ইভেন্টের জন্য ব্রডকাস্টারদের সাথে চুক্তি রয়েছে। এক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে চুক্তি ভঙ্গের অভিযোগে আইনি লড়াইয়ের সুযোগ রয়েছে সম্প্রচারকদের।

সূত্রটি আরও বলেন, ‘যখন আইসিসি সমস্ত ইভেন্টের জন্য সম্প্রচারকের সঙ্গে চার বছরের চুক্তি করেছিল, সেই চুক্তিতে পাকিস্তান ও ভারতের ম্যাচও অন্তর্ভুক্ত ছিল, যার ভিত্তিতে সম্প্রচারকরা আইসিসিকে অর্থ প্রদান করেছে। সুতরাং চুক্তি ভঙ্গ হওয়ায় পিসিবি ও আইসিসিকে আদালতে তোলার আইনি অধিকার রয়েছে সম্প্রচারকদের।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর